লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৫]

ভূমিজ সূত্র

আমি এইরূপ শুনিয়াছি।

এক সময় ভগবান রাজগৃহে অবস্থান করিতেছিলেন বেণুবনে কলন্দকনিবাপে। সেই সময় আয়ুষ্মান ভূমিজ পূর্বাহ্ণে বহির্গমন বাস পরিধান করিয়া পাত্র-চীবর লইয়া রাজকুমার জয়সেনের আবাসে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। তখন রাজকুমার জয়সেন আয়ুষ্মান ভূমিজের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া আয়ুষ্মান ভূমিজের সহিত প্রীত্যালাপ ও কুশল-প্রশ্নাদি বিনিময় করিয়া একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট রাজকুমার জয়সেন আয়ুষ্মান ভূমিজকে বলিলেন, কোনো কোনো শ্রমণ আছেন যাঁহারা এরূপ মতবাদী ও এইরূপ দৃষ্টি সম্পন্ন; যদি কেহ আশা করিয়া ব্রহ্মচর্য পালন করে, তাহার পক্ষে ফল লাভ করা সম্ভব নহে, যদি আশা না করিয়া ব্রহ্মচর্য পালন করে, তাহা হইলেও ফল লাভ করা সম্ভব নহে। আশা এবং আশাহীন হইয়া যদি ব্রহ্মচর্য পালন করে তাহা হইলেও ফল লাভ সম্ভব নহে, আবার আশাও না করিয়া, আশাহীন না হইয়াও যদি ব্রহ্মচর্য পালন করে, তাহা হইলেও ফল লাভ করা সম্ভব নহে। এইস্থলে ভবদীয় ভূমিজের শাস্তা কী মতবাদী, কী আখ্যায়ী?

রাজকুমার, আমি ইহা স্বয়ং ভগবানের নিকট হইতে শুনি নাই বা জানি নাই। তবে ইহা স্থানোপযোগী যে ভগবান এইরূপ ব্যাখ্যা করিতে পারেন : যদি কেহ আশা করিয়া অযোনিশ (অনবধানত) ব্রহ্মচর্য্য পালন করে, তাহা হইলে ফল লাভ করা সম্ভব নহে, আশা না করিয়া যদি অযোনিশ… ফল লাভ সম্ভব নহে। কিন্তু আশা করিয়া যদি যোনিশ (অবধানত) ব্রহ্মচর্য পালন করে… ফল লাভ করা সম্ভব। রাজকুমার, আমি ইহা স্বয়ং ভগবানের নিকট হইতে… ব্যাখ্যা করেন।

যদি ভবদীয় ভূমিজের শাস্তা এরূপ মতবাদী ও এরূপ আখ্যায়ী হন, তাহা হইলে তিনি নিশ্চয়ই, সকল শ্রমণ-ব্রাহ্মণের মাথার ঊর্ধে দণ্ডায়মান থাকেন বলিয়া আমি মনে করি। তখন রাজকুমার জয়সেন নিজের জন্য পক্ব খাদ্য আয়ুষ্মান ভূমিজকে পরিবেশন করিলেন।

অতঃপর আয়ুষ্মান ভূমিজ ভিক্ষাচর্যা হইতে প্রত্যাবর্তন করিয়া ভোজনান্তে ভগবানের নিকট উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান ভূমিজ ভগবানকে বলিলেন, ভদন্ত, আমি পূর্বাহ্ণে বহির্গমন বাস পরিধান করিয়া… দণ্ডায়মান থাকেন। ভদন্ত, এইভাবে জিজ্ঞাসিত হইয়া ব্যাখ্যা করিবার সময়ে আমি কি ভগবান সম্পর্কে যথাযথ বলিয়াছি? ভগবানের উপর মিথ্যা দোষারোপ করি নাই তো, যথার্থভাবে ধর্মের খুঁটিনাটি ব্যক্ত করিয়াছি তো? কোনো সহধর্মী বাদানুবাদে নিন্দিত হয় না তো? “অবশ্যই ভূমিজ, এইরূপ জিজ্ঞাসিত হইয়া তুমি… নিন্দিত হয় না।”

ভূমিজ, যে-সকল শ্রমণ-ব্রাহ্মণ মিথ্যাদৃষ্টিসম্পন্ন, মিথ্যা সংকল্প ও মিথ্যা বাক্যসম্পন্ন, মিথ্যা কর্মকারী, মিথ্যাজীবী, মিথ্যা ব্যায়াম, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধিসম্পন্ন তাহারা যদি আশা করিয়া ব্রহ্মচর্য… ফল সম্ভব নহে। তাহা কী হেতু? ভূমিজ, ইহা ফল লাভের উপায় নহে। যেমন, ভূমিজ, কোনো তৈলার্থী, তৈল গবেষক পুরুষ তৈল অন্বেষণ করিতে করিতে দ্রোণীতে বালি আকীর্ণ করিয়া তাহাতে ফোঁস ফোঁস করিয়া জল সিঞ্চন করে, যদিও সে আশা করিয়া দ্রোণীতে বালি আকীর্ণ করিয়া ফোঁস ফোঁস করিয়া জল সিঞ্চন করিয়া পিষিতে থাকে, তাহাতে তৈল পাওয়া সম্ভব নহে। যদি আশা না করিয়া… তৈল পাওয়া সম্ভব নহে। তাহা কী হেতু? ভূমিজ, ইহা তৈল লাভের প্রকৃত উপায় নহে। ভূমিজ, ঠিক এইভাবে সকল শ্রমণ-ব্রাহ্মণ… ফল লাভের উপায় নহে।

যেমন, ভূমিজ, কোনো ক্ষীরার্থী ক্ষীর গবেষক পুরুষ ক্ষীর অন্বেষণ করিতে করিতে বৎসতরীর শিং ধরিয়া দোহন করে, যদিও আশা করিয়া… ক্ষীর পাওয়া সম্ভব নহে। তাহা কী হেতু?… ফল লাভের উপায় নহে।

যেমন, ভূমিজ, কোনো নবনীতার্থী নবনীত গবেষক পুরুষ নবনীত অন্বেষণ করিতে করিতে কলসীতে শুধু জল সিঞ্চন করিয়া দণ্ড দ্বারা মন্থন করে, যদি আশা করিয়া… ফল লাভের উপায় নহে।

যেমন, ভূমিজ, কোনো অগ্নি-অর্থী, অগ্নি-গবেষক পুরুষ অগ্নি অন্বেষণ করিতে করিতে আর্দ্র কাষ্ঠ, স্নেহযুক্ত উত্তরারণি লইয়া অগ্নি উৎপাদন করিতে মন্থন করিতে পারে। যদিও আশা করিয়া… ফল লাভের উপায় নহে।

ভূমিজ, যে-সকল শ্রমণ-ব্রাহ্মণ সম্যক সংকল্প ও বাক্‌সম্পন্ন, সম্যক কর্মকারী, সম্যকজীবী, সম্যক ব্যায়ামী, সম্যক স্মৃতি ও সমাধিসম্পন্ন, তাঁহারা যদি আশা করিয়া ব্রহ্মচর্য পালন করেন, তাহা হইলে ফল লাভ সম্ভব, আশা না করিয়া… ফল লাভ সম্ভব। তাহার কারণ কী? ভূমিজ, ইহাই ফল লাভের উপায়।

যেমন, ভূমিজ, তৈলার্থী তৈলগভেষী কোনো পুরুষ তৈল অন্বেষণ করিতে করিতে পিষ্ট তিল দ্রোণীতে আকীর্ণ করিয়া ফোঁস ফোঁস করিয়া জল সিঞ্চন করিয়া পিষিতে থাকে, যদিও আশা করিয়া… তৈল পাওয়া সম্ভব… ইহাই ফল লাভের উপায়।

যেমন, ভূমিজ, কোনো ক্ষীরার্থী, ক্ষীর গবেষী পুরুষ ক্ষীর অন্বেষণ করিতে করিতে বৎসতরীর স্তন দোহন করে। যদি আশা করিয়া বৎসতরীর স্তন দোহন করে, তাহা হইলে ক্ষীর পাওয়া সম্ভব… ইহাই ফল লাভের উপায়।

যেমন, ভূমিজ, কোনো নবনীতার্থী নবনীত গভেষী পুরুষ নবনীত অন্বেষণ করিতে করিতে কলসীতে দধি সিঞ্চন করিয়া মন্থন করে, যদি আশা করিয়া… নবনীত পাওয়া সম্ভব… ইহাই ফল লাভের উপায়।

যেমন, ভূমিজ, কোনো অগ্নি-অর্থী, অগ্নিগবেষী পুরুষ অগ্নি অন্বেষণ করিতে করিতে শুষ্ক কাষ্ঠ উত্তরারণি লইয়া ঘর্ষণ করে অগ্নি পাওয়া সম্ভব… ফল লাভ সম্ভব।

ভূমিজ, যদি রাজকুমার জয়সেনের জন্য এই চারিটি উপমা তোমাকে প্রতিভাষিত হয়, ইহা আশ্চর্য নহে যে রাজকুমার জয়সেন স্বাভাবিকভাবেই তোমার উপর প্রসন্ন হইবেন এবং প্রসন্নের মতো কাজ করিবেন। কিন্তু ভদন্ত, কিরূপে রাজকুমার জয়সেনের জন্য এই অশ্রুত পূর্ব উপমা আমাকে প্রতিভাষিত করিবে?

ভগবান ইহা বলিলেন। আয়ুষ্মান ভূমিজ ভগবানের ভাষণে আনন্দ প্রকাশ করিলেন।

ভূমিজ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [৩]