লোড হচ্ছে

অনুবাদসমূহ [৩৭]

বিতর্কসংস্থান-সূত্র

আমি এইরূপ শুনিয়াছি।

১. একসময় ভগবান শ্রাবস্তী-সমীপে অবস্থান করিতেছিলেন, জেতবনে, অনাথপিণ্ডিকের আরামে। ভগবান সমবেত ভিক্ষুদিগকে আহ্বান করিলেন, ‘হে ভিক্ষুগণ’। ভিক্ষুগণ ‘হাঁ ভদন্ত’ বলিয়া প্রত্যুত্তরে তাঁহাদের সম্মতি জানাইলেন। ভগবান কহিলেন :

২. হে ভিক্ষুগণ, অধিচিত্ত-অনুযুক্ত হইয়া ভিক্ষু যথাকালে নিরন্তর পঞ্চ নিমিত্ত মনন করিবে। পঞ্চনিমিত্ত কী কী? যে নিমিত্ত (ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়) গ্রহণ করিলে, যে নিমিত্ত মনন করিলে, ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, সে ক্ষেত্রে, হে ভিক্ষুগণ, ওই ভিক্ষুর (সাধকের) পক্ষে ওই নিমিত্ত পরিহার করিয়া অপর এক কুশল-উপসংহিত নিমিত্ত মনন করা কর্তব্য। ওই নিমিত্ত পরিহার করিয়া অপর এক কুশল-উপসংহিত নিমিত্ত মনন করিলে যে-সকল পাপ ও অকুশল-বিতর্ক ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত, তৎসমস্ত প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তৎসমস্ত প্রহীন হইলে অধ্যাত্মেমুখে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

হে ভিক্ষুগণ, যেমন কোনো দক্ষ তক্ষক বা তক্ষক-অন্তেবাসী ক্ষুদ্র আণির দ্বারা বৃহৎ আণিকে আঘাত করে, শিথিল করে এবং বহির্গত করে, তেমনভাবেই, হে ভিক্ষুগণ, যে নিমিত্ত গ্রহণ করিলে এবং যে নিমিত্ত মনন করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, ভিক্ষুর পক্ষে ওই নিমিত্ত পরিহার করিয়া অপর এক কুশল-উপসংহিত নিমিত্ত মনন করা কর্তব্য। ওই নিমিত্ত পরিহার করিয়া অপর এক কুশল উপসংহিত নিমিত্ত মনন করিলে, যে-সকল পাপ ও অকুশল-বিতর্ক ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত, তৎসমস্ত প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তৎসমস্ত প্রহীন হইলে অধ্যাত্মমুখে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

হে ভিক্ষুগণ, যদি ওই নিমিত্ত পরিহার করিয়া অপর এক কুশল-উপসংহিত নিমিত্ত মনন করিতে গেলে ভিক্ষুর মনে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে ওই ভিক্ষুর পক্ষে এইভাবে ওই সকল বিতর্কের আদীনব পর্যবেক্ষণ (উপপরীক্ষা) করা কর্তব্য : এই এই বিতর্ক অকুশল, এই এই বিতর্ক সাবদ্য, এবং এই এই বিতর্ক দুঃখবিপাক, এই এই কারণে। এইভাবে বিতর্কের আদীনব পর্যবেক্ষণ করিলে যে-সকল পাপ ও অকুশল-বিতর্ক ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত, তৎসমস্ত প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তৎসমস্ত প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। যেমন, হে ভিক্ষুগণ, কোনো প্রসাধন-প্রিয় যুবা বা যুবতী, পুরুষ বা স্ত্রী, অহি-কুণপ, কুক্কুর-কুণপ কিংবা মনুষ্য-কুণপ কণ্ঠে আলগ্ন হইলে আর্ত ও লজ্জিত হইয়া ঘৃণাবোধে তাহা পরিত্যাগ করে, তেমনভাবেই, হে ভিক্ষুগণ, যদি সেই নিমিত্ত হইতে অপর এক কুশল-উপসংহিত নিমিত্ত মনন করিলে ভিক্ষুর মনে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে ওই ভিক্ষুর পক্ষে এইভাবে ওই সকল বিতর্কের আদীনব পর্যবেক্ষণ করা কর্তব্য : এই এই বিতর্ক অকুশল, এই এই বিতর্ক সাবদ্য, এই এই বিতর্ক দুঃখবিপাক, এই এই কারণে। এইভাবে বিতর্কের আদীনব পর্যবেক্ষণ করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। ইহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

৪. হে ভিক্ষুগণ, বিতর্কের আদীনব পর্যবেক্ষণ করিতে গিয়াও যদি ভিক্ষুর মনে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে ওই ভিক্ষুর পক্ষে ওই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কারভাব প্রাপ্ত হওয়া কর্তব্য। এই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কারভাব প্রাপ্ত হইলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন ও সম্পূর্ণরূপে অস্তমিত হয়। ইহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। যেমন কোনো চক্ষুষ্মান পুরুষ চক্ষুর আপাথগত (উপলব্ধ বা প্রত্যক্ষ), চক্ষুর গোচরীভূত, রূপ-অদর্শন-কামী হইয়া চক্ষু নিমীলিত করেন অথবা অপরদিকে অবলোকন করিয়া থাকেন, তেমনভাবেই, হে ভিক্ষুগণ, যদি এই সকল বিতর্কের আদীনব পর্যবেক্ষণ করিতে গিয়া ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে ওই ভিক্ষুর পক্ষে ওই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কারভাব প্রাপ্ত হওয়া কর্তব্য। ওই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কারভাব প্রাপ্ত হইলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। ইহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

৫. হে ভিক্ষুগণ, যদি ওই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কারভাব গ্রহণ করিতে গিয়াও ভিক্ষুর মনে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে ওই ভিক্ষুর পক্ষে ওই সকল বিতর্কের প্রতি বিতর্কসংস্কার-সংস্থান মনন করা কর্তব্য। তাহা করিলে তাঁহার মধ্যে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। ইহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। হে ভিক্ষুগণ, দ্রুতগমন করিতে গিয়া কোনো ব্যক্তির মনে বিতর্ক উপস্থিত হইল-আমি দ্রুতগমন করিতেছি, অথচ আমার পক্ষে ধীরে গমন করা কর্তব্য এবং এই ভাবিয়া তিনি ধীরে গমন করিয়া থাকেন। অতঃপর তাঁহার মধ্যে এই বিতর্ক উদিত হয় : আমি ধীরে গমন করিতেছি, অথচ আমার পক্ষে দণ্ডায়মান থাকা কর্তব্য, এই ভাবিয়া তিনি দণ্ডায়মান থাকেন। অতঃপর তাঁহার মনে এই বিতর্ক উপস্থিত হয় : আমি দণ্ডায়মান আছি, অথচ আমার পক্ষে উপবেশন করা কর্তব্য, এই ভাবিয়া তিনি উপবেশন করেন। অতঃপর তাঁহার মনে এই বিতর্ক উপস্থিত হয় : আমি উপবেশন করিয়া আছি, অথচ আমার পক্ষে শয়ন করা কর্তব্য, এই ভাবিয়া তিনি শয়ন করেন। এইরূপে সে ব্যক্তি স্থূল স্থূল, প্রধান প্রধান ঈর্যাপথ রুদ্ধ করিয়া ক্রমে সূক্ষ্ম সূক্ষ্ম ঈর্যাপথ গ্রহণ করেন। তেমনভাবেই, হে ভিক্ষুগণ, যদি ওই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কার উৎপন্ন হয়, তাঁহার পক্ষে ওই সকল বিতর্কের সংস্কার-সংস্থান মনন করা কর্তব্য। তাহা করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তখন অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

৬. হে ভিক্ষুগণ, যদি ওই সকল বিতর্কের সংস্কার-সংস্থান মনন করিতে গিয়া ভিক্ষুর মধ্যে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে তাঁহার পক্ষে দন্ত দ্বারা দন্ত চাপিয়া, জিহ্বা দ্বারা তালুস্পর্শ করিয়া কুশলচিত্ত দ্বারা অকুশলচিত্ত অভিনিগৃহীত, অভিনিপীড়িত, অভিসন্তপ্ত করা কর্তব্য; তাহা করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন ও সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তখন অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। যেমন বলবান পুরুষ কোনো এক দুর্বল পুরুষকে শিরে বা ঘাড়ে ধরিয়া অভিনিগৃহীত, অভিনিপীড়িত ও অভিসন্তপ্ত করে, তেমনভাবেই, হে ভিক্ষুগণ, যদি ওই সকল বিতর্কের সংস্কার-সংস্থান মনন করিতে গিয়া ভিক্ষুর মধ্যে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, তাহা হইলে তাঁহার পক্ষে দন্ত দ্বারা দন্ত চাপিয়া, জিহ্বা দ্বারা তালুস্পর্শ করিয়া, কুশল চিত্ত দ্বারা অকুশল চিত্ত অভিনিগৃহীত, অভিনিপীড়িত ও অভিসন্তপ্ত করা কর্তব্য। তাহা করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন এবং সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তখন অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

৭. হে ভিক্ষুগণ, যে নিমিত্ত গ্রহণ করিলে, যে নিমিত্ত মনন করিলে ভিক্ষুর মধ্যে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক উৎপন্ন হয়, সে নিমিত্ত পরিহার করিয়া অপর এক কুশল-উপসংহিত নিমিত্ত মনন করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন ও সম্পূর্ণরূপে অস্তমিত হয়। উহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। ওই সকল বিতর্কের প্রতি অস্মৃতি ও অমনস্কারভাব গ্রহণ করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন ও সম্পূর্ণরূপে অস্তমিত হয়। তখন অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। ওই সকল বিতর্কের সংস্কার-সংস্থান মনস্কার করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন ও সম্পূর্ণরূপে অস্তমিত হয়। ইহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়। দন্ত দ্বারা দন্ত চাপিয়া, জিহ্বা দ্বারা তালুস্পর্শ করিয়া, কুশল চিত্ত দ্বারা অকুশল চিত্ত অভিনিগৃহীত, অভিনিপীড়িত ও অভিসন্তপ্ত করিলে ছন্দোপসংহিত, দ্বেষোপসংহিত এবং মোহোপসংহিত পাপ ও অকুশল-বিতর্ক প্রহীন ও সম্পূর্ণরূপে অস্তমিত হয়। উহা প্রহীন হইলে অধ্যাত্মে চিত্ত অবস্থান করে, সমাসীন হয়, একাগ্র ও সমাহিত হয়।

হে ভিক্ষুগণ, ইহাকেই বলে বিতর্ক-পর্যায়পথে ভিক্ষুর বশীভাব বা কর্তৃত্ব যাহাতে তিনি যে বিতর্ক ইচ্ছা করেন সে বিতর্ক স্বমনে বিতর্ক করেন, যে বিতর্ক ইচ্ছা করেন না সে বিতর্ক তিনি স্বমনে বিতর্ক করেন না। তৃষ্ণাচ্ছেদন করিয়া, সংযোজন বিবর্তিত করিয়া সম্পূর্ণরূপে মানাভিমান অতিক্রম করিয়া তিনি দুঃখের অন্তসাধন করেন।

ভগবান ইহা বিবৃত করিলেন। ভিক্ষুগণ প্রসন্নমনে তাহা শ্রবণ করিয়া আনন্দ প্রকাশ করিলেন।

বিতর্কসংস্থান-সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [৫]