লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৭]

মহাধর্মসমাদান-সূত্র

আমি এইরূপ শুনিয়াছি।

১. একসময় ভগবান শ্রাবস্তী-সমীপে অবস্থান করিতেছিলেন, জেতবনে, অনাথপিণ্ডিকের আরামে। তথায় ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিলেন, ‘হে ভিক্ষুগণ’। ‘হাঁ ভদন্ত’ বলিয়া ওই ভিক্ষুগণ প্রত্যুত্তরে তাঁহাদের সম্মতি জানাইলেন। ভগবান কহিলেন :

২. হে ভিক্ষুগণ, অধিকাংশ জীবের এইরূপ কামনা, এইরূপ ছন্দ (অভিলাষ), এইরূপ অভিপ্রায় : ‘অহো, আমরা কি অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ পরিবর্জন [এবং] ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মসমূহ অভিবর্ধিত করিতে পারিব!’ হে ভিক্ষুগণ, তাহাদের এইরূপ কামনা, এইরূপ ছন্দ ও এইরূপ অভিপ্রায় সত্ত্বেও অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ অভিবর্ধিত [এবং] ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ হয়। হে ভিক্ষুগণ, তোমরা কি প্রত্যেকে তাহার কারণ কী অনুধাবন করিবে না? ‘প্রভো, ভগবানই আমাদের ধর্মের মূল উৎস, ইহা ভগবৎ-পরিচালিত, ভগবানই ইহার প্রতিশরণ। অতএব প্রভো, ভগবানই স্বয়ং সুন্দরভাবে এই উক্তির অর্থ প্রতিভাত করুন, ভগবৎ-প্রমুখাৎ শ্রবণ করিয়া ভিক্ষুগণ (তাহা) অবধারণ করিবে।’ তাহা হইলে, হে ভিক্ষুগণ, তোমরা শ্রবণ করো, উত্তমরূপে মনোনিবেশ করো, আমি তাহা বিবৃত করিতেছি। ‘যথা আজ্ঞা, প্রভো’ বলিয়া ভিক্ষুগণ প্রত্যুত্তরে তাঁহাদের সম্মতি জানাইলেন। ভগবান কহিলেন :

৩. হে ভিক্ষুগণ, এখানে অশ্রুতবান পৃথগ্‌জন যে আর্যগণের দর্শন লাভ করে নাই, যে আর্যধর্মে অকোবিদ, আর্যধর্মে অবিনীত, যে সৎপুরুষগণের দর্শন লাভ করে নাই, সৎপুরুষধর্মে অকোবিদ, সৎপুরুষধর্মে অবিনীত সে সেবনীয় ধর্ম জানে না, অসেবনীয় ধর্ম জানে না, ভজনীয় ধর্ম জানে না, অভজনীয় ধর্ম জানে না। সে সেবনীয় ধর্ম না জানিয়া, অসেবনীয় ধর্ম না জানিয়া, ভজনীয় ধর্ম না জানিয়া অভজনীয় ধর্ম না জানিয়া অসেবনীয় ধর্মের সেবা করে, সেবনীয় ধর্মের সেবা করে না, অভজনীয় ধর্মের ভজনা করে, ভজনীয় ধর্মের ভজনা করে না। অসেবনীয় ধর্মের সেবা, সেবনীয় ধর্মের অসেবন, অভজনীয় ধর্মের ভজনা, ভজনীয় ধর্মের অভজনা হইতে তাহার মধ্যে অনিষ্টকর, অক্লান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ অভিবর্ধিত [এবং] ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, অবিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাহার পক্ষে হয়।

হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক যিনি আর্যগণের দর্শন লাভ করিয়াছেন, যিনি আর্যধর্মে কোবিদ, আর্যধর্মে সুবিনীত, যিনি সৎপুরুষগণের দর্শন লাভ করিয়াছেন, যিনি সৎপুরুষধর্মে কোবিদ, সৎপুরুষধর্মে সুবিনীত, তিনি সেবনীয় ধর্ম প্রকৃষ্টরূপে জানিবার ফলে, অসেবনীয় ধর্ম জানিবার ফলে, ভজনীয় ধর্ম জানিবার ফলে, অভজনীয় ধর্ম জানিবার ফলে অসেবনীয় ধর্মের সেবা করেন না, সেবনীয় ধর্মের সেবা করেন, অভজনীয় ধর্মের ভজনা করেন না, ভজনীয় ধর্মের ভজনা করেন। অসেবনীয় ধর্মের অসেবন, সেবনীয় ধর্মের সেবা, অভজনীয় ধর্মের অভজনা এবং ভজনীয় ধর্মের ভজনা হইতে তাঁহার মধ্যে অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ এবং ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি অভিবর্ধিত হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, বিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাঁহার পক্ষে হয়।

৪. হে ভিক্ষুগণ, এই চারি প্রকার ধর্মসমাদান। চারি কী কী? হে ভিক্ষুগণ, এক প্রকার ধর্মসমাদান আছে যাহা বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক; এক প্রকার ধর্মসমাদান আছে যাহা বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক; এক প্রকার ধর্মসমাদান আছে যাহা বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক; এক প্রকার ধর্মসমাদান আছে যাহা বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক।

৫. হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ জানে না : ‘এই ধর্মসমাদান বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক।’ তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ না জানিয়া তাহার সেবা করে, তাহা পরিবর্জন করে না। উহার সেবা ও অপরিবর্জন হইতে অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ অভিবর্ধিত হয়, ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি পরিক্ষীণ হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, অবিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাহার হয়।

হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ জানে না : ‘এই ধর্মসমাদান বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক।’ তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ না জানিয়া তাহার সেবা করে, তাহা পরিবর্জন করে না। উহার সেবা ও অপরিবর্জন হইতে অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ অভিবর্ধিত হয়, ইষ্ট কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি পরিক্ষীণ হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, অবিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাহার হয়।

হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ জানে না : ‘এই ধর্মসমাদান বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক।’ তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ না জানিয়া তাহার সেবা করে না, তাহা পরিবর্জন করে। উহার অসেবন ও পরিবর্জন হইতে তাহার মধ্যে অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ অভিবর্ধিত হয়, ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি পরিক্ষীণ হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, অবিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাহার হয়।

হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ জানে না : ‘এই ধর্মসমাদান বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক।’ তাহা অবিদ্বান অবিদ্যাগত ব্যক্তি যথাযথ না জানিয়া তাহার সেবা করে না, তাহা পরিবর্জন করে। উহার অসেবন ও পরিবর্জন হইতে তাহার মধ্যে অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মগুলি পরিক্ষীণ হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, অবিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাহার হয়।

৬. হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানেন : ‘এই ধর্মসমাদান বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক।’ তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানিয়া তাহার সেবা করেন না, তাহা পরিবর্জন করেন। উহার অসেবন ও পরিবর্জন হইতে তাঁহার অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ হয়, ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি অভিবর্ধিত হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, বিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাঁহার হয়।

হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানেন : ‘এই ধর্মসমাদান বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক।’ তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানিয়া তাহার সেবা করেন, তাহা পরিবর্জন করেন না। উহার সেবন ও অপরিবর্জন হইতে তাঁহার অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ হয়, ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি অভিবর্ধিত হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, বিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাঁহার হয়।

হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানেন : ‘এই ধর্মসমাদান বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক।’ তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানিয়া তাহার সেবা করেন না, তাহা পরিবর্জন করেন। উহার অসেবন ও পরিবর্জন হইতে তাঁহার অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ হয়; ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি অভিবর্ধিত হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, বিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাঁহার হয়।

হে ভিক্ষুগণ, যে-ধর্মসমাদান বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানেন : ‘এই ধর্মসমাদান বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক।’ তাহা বিদ্বান বিদ্যাগত ব্যক্তি যথাযথ জানিয়া তাহার সেবা করেন, তাহা পরিবর্জন করেন না। উহার সেবন ও অপরিবর্জন হইতে তাঁহার অনিষ্টকর, অকান্ত ও অমনোজ্ঞ ধর্মসমূহ পরিক্ষীণ হয়, ইষ্ট, কান্ত ও মনোজ্ঞ ধর্মগুলি অভিবর্ধিত হয়। ইহার কারণ কী? হে ভিক্ষুগণ, বিদ্বানের পক্ষে যাহা হইবার তাহাই তাঁহার হয়।

হে ভিক্ষুগণ, সেই ধর্মসমাদান কী যাহা বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক? হে ভিক্ষুগণ, এখানে কেহ কেহ দুঃখ-দৌর্মনস্যসহ প্রাণহন্তা হইয়া প্রাণিহত্যার কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ অদত্তগ্রাহী হইয়া অদত্তগ্রহণের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ কামে ব্যভিচারী হইয়া কামে ব্যভিচারের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ মিথ্যাবাদী হইয়া মিথ্যাবাদিতার কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ পিশুনভাষী হইয়া পিশুন বাক্যের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ পরুষভাষী হইয়া পরুষ বাক্যের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ সম্প্রলাপী হইয়া সম্প্রলাপের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ অভিধ্যালু (লোভপরায়ণ) হইয়া অভিধ্যার কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ ব্যাপন্নচিত্ত (ক্রোধপ্রবণ) হইয়া ব্যাপাদের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। দুঃখ-দৌর্মনস্যসহ মিথ্যাদৃষ্টিসম্পন্ন হইয়া মিথ্যাদৃষ্টির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করে। সে দেহাবসানে মৃত্যুর পর, অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে সেই ধর্মসমাদান যাহা বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক।

৮. হে ভিক্ষুগণ, সেই ধর্মসমাদান কী, যাহা বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক? হে ভিক্ষুগণ, এখানে কেহ কেহ সুখ-সৌমনস্যসহ প্রাণহন্তা হয়, প্রাণিহত্যার কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ অদত্তগ্রাহী হয়, অদত্তগ্রহণের কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ কামে ব্যভিচারী হয়, কামে ব্যভিচারের কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ মিথ্যাবাদী হয়, মিথ্যাবাদিতার কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ পিশুনভাষী হয়, পিশুন বাক্যের কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ পরুষভাষী হয়, পরুষ বাক্যের কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ সম্প্রলাপভাষী হয়, সম্প্রলাপবাক্যের [সম্প্রলাপের] কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ অভিধ্যালু হয়, অভিধ্যার কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ ব্যাপন্নচিত্ত হয়, ব্যাপাদের কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সুখ-সৌমনস্যসহ মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়, মিথ্যাদৃষ্টির কারণ সুখ-সৌমনস্য অনুভব করে। সে দেহাবসানে মৃত্যুর পর, অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে সেই ধর্মসমাদান যাহা বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক।

৯. হে ভিক্ষুগণ, সেই ধর্মসমাদান কী, যাহা বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক? হে ভিক্ষুগণ, এখানে কেহ কেহ দুঃখ-দৌর্মনস্যসহ প্রাণিহত্যা হইতে প্রতিবিরত হন, প্রাণিহত্যা-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ অদত্তগ্রহণ হইতে প্রতিবিরত হন, অদত্তগ্রহণ-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ কামে ব্যভিচার হইতে প্রতিবিরত হন, কামে ব্যভিচার-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ মিথ্যাকথন হইতে প্রতিবিরত হন, মিথ্যাবাদিতা-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ পিশুন বাক্য হইতে প্রতিবিরত হন, পিশুন বাক্য-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ পরুষ বাক্য হইতে প্রতিবিরত হন, পরুষ বাক্য-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ সম্প্রলাপ হইতে প্রতিবিরত হন, সম্প্রলাপ-বিরতির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ অনভিধ্যালু হন, অনভিধ্যার কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ অব্যাপন্নচিত্ত হন, অব্যাপাদের কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। দুঃখ-দৌর্মনস্যসহ সম্যক দৃষ্টিসম্পন্ন হন, সম্যক দৃষ্টির কারণ দুঃখ-দৌর্মনস্য অনুভব করেন। তিনি দেহাবসানে মৃত্যুর পর, সুগতি স্বর্গলোকে উৎপন্ন হন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে সেই ধর্মসমাদান, যাহা বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক।

১০. হে ভিক্ষুগণ, সেই ধর্মসমাদান কী, যাহা বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক? হে ভিক্ষুগণ, এখানে কেহ কেহ সুখ-সৌমনস্যসহ প্রাণিহত্যা হইতে প্রতিবিরত হন, প্রাণিহত্যা-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ অদত্তগ্রহণ হইতে প্রতিবিরত হন, অদত্তগ্রহণ-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ কামে ব্যভিচার হইতে প্রতিবিরত হন, কামে ব্যভিচার-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ মিথ্যাকথন হইতে প্রতিবিরত হন, মিথ্যাবাদিতা-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখসৌমসন্যসহ পিশুন বাক্য হইতে প্রতিবিরত হন, পিশুন বাক্য-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ পরুষ বাক্য হইতে প্রতিবিরত হন, পরুষ বাক্য-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ সম্প্রলাপ হইতে প্রতিবিরত হন, সম্প্রলাপ-বিরতির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ অনভিধ্যালু হন, অনভিধ্যার কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ অব্যাপন্নচিত্ত হন, অব্যাপাদের কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। সুখ-সৌমনস্যসহ সম্যক দৃষ্টিসম্পন্ন হন, সম্যক দৃষ্টির কারণ সুখ-সৌমনস্য অনুভব করেন। তিনি দেহাবসানে মৃত্যুর পর, সুগতি স্বর্গলোকে উৎপন্ন হন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে সেই ধর্মসমাদান যাহা বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক।

১১. হে ভিক্ষুগণ, মনে করো এক তিক্ত অলাবু যাহা বিষসংযুক্ত। অনন্তর এক ব্যক্তি আসিল যে বাঁচিতে চাহে, মরিতে চাহে না, সুখকামী, দুঃখবিরোধী। তাহাকে বলা হইল, ‘ওহে, এই তিক্ত অলাবু বিষসংযুক্ত, যদি ইচ্ছা করো ইহার রস পান করো, ইহার রস পান করিলে ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিবে না, অধিকন্তু ইহার রস পান করিয়া মরিবে অথবা মৃত্যুসম দুঃখ পাইবে।’ যদি সে ফলাফল পর্যালোচনা না করিয়া ইহার রস পান করে এবং তাহা পরিবর্জন করে না, ইহার রস পান করিয়া সে ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিবে না, অধিকন্তু তাহা পান করিয়া মরিবে অথবা মৃত্যুসম দুঃখ পাইবে। হে ভিক্ষুগণ, এই উপমা দ্বারা আমি সেই ধর্মসমাদান বর্ণনা করি যাহা বর্তমানেও দুঃখকর অনাগতেও দুঃখবিপাক।

১২. হে ভিক্ষুগণ, মনে করো এক কাংস্যনির্মিত বর্ণসম্পন্ন গন্ধসম্পন্ন পানপাত্র যাহা বিষসংযুক্ত। অনন্তর এক ব্যক্তি আসিল যে বাঁচিতে চাহে, মরিতে চাহে না, সুখকামী, দুঃখবিরোধী। তাহাকে বলা হইল, ‘ওহে, এই কাংস্যনির্মিত পানপাত্র বর্ণসম্পন্ন, গন্ধসম্পন্ন এবং বিষসংযুক্ত। যদি ইচ্ছা করো, ইহা হইতে জল পান করো, ইহা হইতে জল পান করিলে ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিবে এবং পান করিয়া মরিবে অথবা মৃত্যুসম দুঃখ পাইবে।’ যদি সে ফলাফল পর্যালোচনা না করিয়া ইহা হইতে জল পান করে, সে তাহা পান করিয়া ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিবে এবং পান করিয়া মরিবে অথবা মৃত্যুসম দুঃখ পাইবে। হে ভিক্ষুগণ, আমি এই উপমা দ্বারা সেই ধর্মসমাদান বর্ণনা করি যাহা বর্তমানে সুখকর অনাগতে দুঃখবিপাক।

১৩. হে ভিক্ষুগণ, মনে করো এমন পূতিমুক্ত আছে যাহা নানাভৈষজ্যযুক্ত। অনন্তর এক ব্যক্তি আসিল যিনি পাণ্ডুরোগী। তাঁহাকে বলা হইল, ‘ওহে, এই পূতিমুক্ত নানাভৈষজ্যযুক্ত। যদি ইচ্ছা করো, ইহা পান করো, ইহা পান করিলে ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিবে না বটে, কিন্তু পান করিয়া (পরে) সুখী হইবে।’ তিনি ফলাফল পর্যালোচনা করিয়া ইহা পান করিলেন, পরিবর্জন করিলেন না। ইহা পান করিয়া তিনি ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিলেন না বটে, কিন্তু পান করিয়া (পরে) সুখী হইলেন। হে ভিক্ষুগণ, আমি এই উপমা দ্বারা সেই ধর্মসমাদান বর্ণনা করি যাহা বর্তমানে দুঃখকর অনাগতে সুখবিপাক।

১৪. হে ভিক্ষুগণ, মনে করো একস্থানে দধি, মধু, ঘৃত ও গুড় একত্র মিশ্রিত আছে। অনন্তর এক ব্যক্তি আসিল যিনি অর্শরোগী। তাঁহাকে বলা হইল, ‘ওহে, এই স্থানে দধি, মধু, ঘৃত ও গুড় একত্র মিশ্রিত আছে। যদি ইচ্ছা করো, ইহা পান করো, ইহা পান করিলে, ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিবে, এবং পান করিয়া সুখী হইবে।’ তিনি ফলাফল পর্যালোচনা করিয়া তাহা পান করিলেন, পরিবর্জন করিলেন না। তাহা পান করিয়া তিনি ইহার বর্ণে, গন্ধে, রসে তৃপ্তি লাভ করিলেন, এবং পান করিয়া সুখী হইলেন। হে ভিক্ষুগণ, আমি এই উপমা দ্বারা সেই ধর্মসমাদান বর্ণনা করি, যাহা বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক।

১৫. হে ভিক্ষুগণ, যেমন বর্ষাঋতুর শেষ মাসে, শারদ সময়ে মেঘমুক্ত বিগত বলাহক দিব্যাকাশ অতিক্রম করিতে করিতে আদিত্য সর্ব-আকাশ-ব্যাপ্ত অন্ধকার নাশ করিয়া উদ্ভাসিত হয়, দীপ্ত হয়, বিরোচনরূপে বিরাজ করে, তেমন, হে ভিক্ষুগণ, এই ধর্মসমাদান যাহা বর্তমানেও সুখকর অনাগতেও সুখবিপাক, তাহা বিভিন্ন শ্রমণ-ব্রাহ্মণ-প্রবর্তিত পরপ্রবাদ (পরমত) বিধ্বংস করিয়া উদ্ভাসিত হয়, দীপ্ত হয়, বিরাজ করে।

ভগবান ইহা বিবৃত করিলেন, ওই ভিক্ষুগণ তাহা প্রসন্নমনে শ্রবণ করিয়া আনন্দ প্রকাশ করিলেন।

মহাধর্মসমাদান-সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [৪]