লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

দুঃখ সূত্র

একসময় ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, আমি দুঃখের সমুদয় ও দুঃখের অস্তগমন বা ধ্বংস সম্বন্ধে দেশনা করব। তা তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করছি।’ ‘হ্যাঁ ভন্তে,’ বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন :

‘ভিক্ষুগণ, দুঃখের সমুদয় কী? চক্ষু ও রূপের প্রত্যয়ে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। ভিক্ষুগণ, এটিই দুঃখের সমুদয়।

শ্রোত্র ও শব্দের প্রত্যয়ে শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়… ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়ে… জিহ্বা ও রসের প্রত্যয়ে… কায় ও স্প্রষ্টব্যের প্রত্যয়ে… মন ও ধর্মের প্রত্যয়ে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। ভিক্ষুগণ, এটিই দুঃখের সমুদয়।

ভিক্ষুগণ, দুঃখের অস্তগমন কী? চক্ষু ও রূপের প্রত্যয়ে চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। সেই তৃষ্ণার সম্পূর্ণরূপে বিরাগ-নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়, ভব নিরোধ হলে জন্ম নিরোধ হয়, জন্ম নিরোধ হলে জরা-মৃত্যু, শোক-পরিদেবন-দুঃখ-দৌর্মনস্য-উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটিই দুঃখের অস্তগমন।

শ্রোত্র ও শব্দের প্রত্যয়ে শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়… ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়ে… জিহ্বা ও রসের প্রত্যয়ে… কায় ও স্প্রষ্টব্যের প্রত্যয়ে… মন ও ধর্মের প্রত্যয়ে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। সেই তৃষ্ণার সম্পূর্ণরূপে বিরাগ-নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়, ভব নিরোধ হলে জন্ম নিরোধ হয়, জন্ম নিরোধ হলে জরা-মৃত্যু, শোক-পরিদেবন-দুঃখ-দৌর্মনস্য-উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটিই দুঃখের অস্তগমন।’ তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [১]