লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

মহাবৃক্ষ সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, উপাদানীয় ধর্মগুলোতে আস্বাদানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা বৃদ্ধি হয়। তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব… এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়।

ভিক্ষুগণ, যেমন মহাবৃক্ষের যেসব মূল অধোগামী ও আড়াআড়িগামী (চারদিকে বিস্তৃত), সেসব মূল ঊর্ধ্বদিকেই ওজ আহরণ করে। এভাবে সেই মহাবৃক্ষ আহার ও উপাদান লাভ করে দীর্ঘকাল স্থিত থাকে। তেমনি ভিক্ষুগণ, উপাদানীয় ধর্মগুলোতে আস্বাদানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা বৃদ্ধি হয়। তৃষ্ণার প্রত্যয়ে উপাদান… এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়।

ভিক্ষুগণ, উপাদানীয় ধর্মগুলোতে আদীনবানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা নিরুদ্ধ হয়। তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধে ভব নিরোধ হয়… এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়।

ভিক্ষুগণ, যেমন মহাবৃক্ষ ছেদনের জন্য পুরুষ কোদাল এবং ঝুড়ি নিয়ে আগমন করে। সে সেই বৃক্ষটির মূল ছেদন করে, মূল ছেদনপূর্বক খনন করে, খননপূর্বক উশীর নালি পর্যন্ত মূল তুলে নিয়ে আসে। তার পর খণ্ড-বিখণ্ড করে ছেদন করে, খণ্ড-বিখণ্ড করে ছেদনপূর্বক চিরে, চিরার পর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে বিভক্তের পর বাতাসে ও রৌদ্রে শুকায়, বাতাসে ও রৌদ্রে শুকিয়ে অগ্নি দ্বারা দগ্ধ করে, অগ্নি দ্বারা দগ্ধ করার পর চূর্ণ করে, চূর্ণ করে প্রচণ্ড বাতাসে উড়িয়ে দেয় অথবা খরস্রোতা নদীতে ভাসিয়ে দেয়। ভিক্ষুগণ, এরূপে সেই মহাবৃক্ষ মূলোৎপাটিত তালবৃক্ষ সদৃশ সম্পূর্ণরূপে ধ্বংস ও অনুৎপাদধর্মী হয়। ভিক্ষুগণ, এভাবে উপাদানীয় ধর্মগুলোতে আদীনবানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা নিরুদ্ধ হয়। তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধে ভব নিরোধ হয়… এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়।’ পঞ্চম সূত্র।

ব্যাখ্যা [০]