লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

তৃতীয় উপদেশ সূত্র

একসময় ভগবান রাজগৃহের কলন্দকনিবাপে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকাশ্যপকে ভগবান এরূপ বললেন, ‘হে কাশ্যপ, তুমি ভিক্ষুদেরকে উপদেশ দাও, তাদেরকে ধর্মকথা শোনাও। কাশ্যপ, আমি ভিক্ষুদেরকে উপদেশ দিই অথবা তুমি দাও, আমি ধর্মকথা শোনাই অথবা তুমি শোনাও।’

‘ভন্তে, ভিক্ষুরা এখন দুর্দম্য, দুর্দম্যকরণ ধর্মগুলোতে সমন্বিত, অসহনশীল, অনুশাসন সাদরে গ্রহণ করে না।’

‘হে কাশ্যপ, তাই তো পূর্বে স্থবির ভিক্ষুগণ ছিল আরণ্যিক এবং অরণ্যবিহারীর প্রশংসাকারী, পিণ্ডপাতিক (ভিক্ষাজীবী) এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী, পাংশুকুলব্রতধারী এবং পাংশুকুলব্রতধারীর প্রশংসাকারী, ত্রিচীবরিক এবং ত্রিচীবরধারীর প্রশংসাকারী, অল্পেচ্ছু এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী, যথালাভে সন্তুষ্ট এবং যথালাভে সন্তুষ্টতার প্রশংসাকারী, নির্জনচারী এবং নির্জনাচারীর প্রশংসাকারী, অসংশ্লিষ্ট এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী, আরব্ধবীর্য এবং আরব্ধবীর্যের প্রশংসাকারী।’

“সেখানে যে ভিক্ষু আরণ্যিক হয় এবং অরণ্যবিহারীর প্রশংসাকারী হয়, পিণ্ডপাতিক হয় এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী হয়, পাংশুকুলব্রতধারী হয় এবং পাংশুকুলব্রতধারীর প্রশংসাকারী হয়, ত্রিচীবরিক হয় এবং ত্রিচীবরধারীর প্রশংসাকারী হয়, অল্পেচ্ছু হয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী হয়, যথালাভে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী হয়, নির্জনচারী হয় এবং নির্জনাচারীর প্রশংসাকারী হয়, অসংশ্লিষ্ট হয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী হয়, আরব্ধবীর্য হয় এবং আরব্ধবীর্যের প্রশংসাকারী হয়, স্থবির ভিক্ষুগণ তাকে আসন গ্রহণের জন্য ডাকে, ‘এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কী? এই ভিক্ষু অত্যন্ত বিনয়ী এবং শিক্ষাকামী; এসো ভিক্ষু এই আসনে উপবেশন করুন।’”

“কাশ্যপ, তথায় নবীন ভিক্ষুদের এরূপ চিন্তা উৎপন্ন হয় : ‘যে ভিক্ষু আরণ্যিক হয় এবং অরণ্যবাসীর প্রশংসাকারী হয়, পিণ্ডপাতিক এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারী হয়, পাংশুকুলব্রতধারী হয় এবং পাংশুকুলব্রতধারীর প্রশংসাকারী হয়, ত্রিচীবরিক হয় এবং ত্রিচীবরধারীর প্রশংসাকারী হয়, অল্পেচ্ছু হয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারী হয়, যথালাভে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারী হয়, নির্জনচারী হয় এবং নির্জনাচারীর প্রশংসাকারী হয়, অসংশ্লিষ্ট হয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারী হয়, আরব্ধবীর্য এবং আরব্ধবীর্যের প্রশংসাকারী হয়, স্থবির ভিক্ষুগণ তাকে আসন গ্রহণের জন্য ডাকে-এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কী? এই ভিক্ষু অত্যন্ত বিনয়ী এবং শিক্ষাকামী; এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন।’ ফলে তারাও সে আদর্শ অনুসরণ বা প্রতিপালন করে; তদ্ধেতু তাদের দীর্ঘকাল হিত, সুখ সাধিত হয়।”

‘হে কাশ্যপ, এখন স্থবির ভিক্ষুগণ আরণ্যিকই নয় এবং অরণ্যবাসীর প্রশংসাকারীও নয়, পিণ্ডপাতিক নয় এবং পিণ্ডপাতিকের প্রশংসাকারীও নয়, পাংশুকুলব্রতধারী নয় এবং পাংশুকুলব্রতধারী প্রশংসাকারীও নয়, ত্রিচীবরিক নয় এবং ত্রিচীবরধারীর প্রশংসাকারীও নয়, অল্পেচ্ছু নয় এবং অল্পেচ্ছুর প্রশংসাকারীও নয়, যথালাভে সন্তুষ্ট নয় এবং সন্তুষ্টতার প্রশংসাকারীও নয়, নির্জনচারী নয় এবং নির্জনাচারীর প্রশংসাকারীও নয়, অসংশ্লিষ্ট নয় এবং অসংশ্লিষ্টতার প্রশংসাকারীও নয় এবং আরব্ধবীর্য নয় ও আরব্ধবীর্যের প্রশংসাকারীও নয়।’

“বরঞ্চ সেখানে যে ভিক্ষু প্রসিদ্ধ, যশস্বী হয়ে চীবর, পিণ্ডপাত, শয়নাসন, ওষুধ-প্রত্যয় ও ভৈষজ্যাদি লাভী হয়, তাকে স্থবির ভিক্ষুগণ আসন গ্রহণের জন্য ডাকে, ‘এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কী, এই ভিক্ষু অত্যন্ত ভদ্র বা বিনয়ী এবং সব্রহ্মাচারীর প্রতি অনুরাগী; এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন।’”

“হে কাশ্যপ, তথায় নবীন ভিক্ষুদের এরূপ মনে হয় : ‘যে ভিক্ষু প্রসিদ্ধ, যশস্বী হয়ে চীবর, পিণ্ডপাত, শয়নাসন, ওষুধ-প্রত্যয় ও ভৈষজ্যাদি লাভী হয়, তাকে স্থবির ভিক্ষুগণ আসন গ্রহণে ডাকেন-এসো ভিক্ষু, এই ভিক্ষুর নাম কী, এই ভিক্ষু অত্যন্ত ভদ্র বা বিনয়ী এবং সব্রহ্মাচারীর প্রতি অনুরাগী; এসো ভিক্ষু, এই আসনে উপবেশন করুন।’ ফলে তারাও সে আদর্শ অনুসরণ বা প্রতিপালন করে। তদ্ধেতু তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখাবহ সাধিত হয়। কাশ্যপ, যাকে সম্যকভাবে বলতে গেলে এরূপ বলা যায়, ‘ব্রহ্মচারী ব্রহ্মচারোপদ্রব (তথা ব্রহ্মচারীর উপদ্রব) অধিক আকাঙ্ক্ষা বা তৃষ্ণা (অভিপত্থনা) দ্বারা ও ব্রহ্মচারীর অধিক আকাঙ্ক্ষায় উপদ্রুত।’ কাশ্যপ, বর্তমান সময়েও তাকে সম্যকভাবে বলতে গেলে এরূপ বলা যায়, ‘ব্রহ্মচারী ব্রহ্মচারোপদ্রব অধিক আকাঙ্ক্ষা বা তৃষ্ণা (অভিপত্থনা) দ্বারা ও ব্রহ্মচারীর অধিক আকাঙ্ক্ষায় উপদ্রুত।’” অষ্টম সূত্র।

ব্যাখ্যা [১]