লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

কল্যাণমিত্র সূত্র

শ্রাবস্তী নিদান। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, “ভন্তে, একাকী নির্জনে অবস্থানকালে আমার এরূপ চিত্ত-পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল, ‘ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সেই ধর্ম কল্যাণমিত্রের জন্য, কল্যাণসহায়ের জন্য, কল্যাণবন্ধুর জন্য; পাপমিত্র, পাপসহায় ও পাপবন্ধুর জন্য নয়।”

‘মহারাজ, তা ঠিক! তা ঠিক! আমার ধর্ম সুব্যাখ্যাত। সেই সুব্যাখ্যাত ধর্ম কল্যাণমিত্রের জন্য, কল্যাণসহায়ের জন্য, কল্যাণবন্ধুর জন্য; পাপমিত্র, পাপসহায় ও পাপবন্ধুর জন্য নয়।’

“মহারাজ, একসময় আমি শাক্যরাজ্যে শাক্যদের নগরক নামক নিগমে অবস্থান করছিলাম। তখন আনন্দ ভিক্ষু আমার কাছে উপস্থিত হয়ে আমাকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করল। একান্তে উপবিষ্ট আনন্দ ভিক্ষু আমাকে এরূপ বলল, ‘ভন্তে, কল্যাণমিত্রতা, কল্যাণসহায়তা ও কল্যাণবন্ধুত্বতা হচ্ছে ব্রহ্মচর্যের অর্ধেক।’

মহারাজ, এরূপ বলা হলে আমি আনন্দ ভিক্ষুকে বললাম, ‘আনন্দ, তা নয়, তা নয়; কল্যাণমিত্রতা, কল্যাণসহায়তা ও কল্যাণবন্ধুত্বতাই হচ্ছে পরিপূর্ণ ব্রহ্মচর্য। আনন্দ, কল্যাণমিত্র, কল্যাণসহায় ও কল্যাণবন্ধু ভিক্ষুই এই আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করবে, তা আশা করা যায়।’

আনন্দ, কল্যাণমিত্র, কল্যাণসহায় ও কল্যাণবন্ধু ভিক্ষু কীভাবে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করে? আনন্দ, এক্ষেত্রে ভিক্ষু বিবেকাশ্রিত, বিরাগাশ্রিত, নিরোধাশ্রিত, ত্যাগ-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে; … সম্যক সংকল্প ভাবিত করে; … সম্যক বাক্য ভাবিত করে; … সম্যক কর্ম ভাবিত করে; … সম্যক জীবিকা ভাবিত করে; … সম্যক প্রচেষ্টা ভাবিত করে; … সম্যক স্মৃতি ভাবিত করে; এবং বিবেকাশ্রিত, বিরাগাশ্রিত, নিরোধাশ্রিত, ত্যাগ-পরিণামী সম্যক সমাধি ভাবিত করে। আনন্দ, কল্যাণমিত্র, কল্যাণসহায় ও কল্যাণবন্ধু ভিক্ষু এরূপেই আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত ও বর্ধিত করে। আনন্দ, এ কারণে জানতে হবে যে, কল্যাণমিত্রতা, কল্যাণসহায়তা ও কল্যাণবন্ধুত্বতাই হচ্ছে পরিপূর্ণ ব্রহ্মচর্য।’

আনন্দ, আমাকে কল্যাণমিত্র হিসেবে পেয়ে জন্মপরায়ণ সত্ত্বগণ জন্ম হতে মুক্তি লাভ করছে, জরাধর্মী সত্ত্বগণ জরা হতে মুক্ত হচ্ছে, ব্যাধিধর্মী সত্ত্বগণ ব্যাধি হতে মুক্ত হচ্ছে, মরণধর্মী সত্ত্বগণ মৃত্যু হতে মুক্তি লাভ করছে, শোক-পরিদেবন-দুঃখ-দৌর্মনস্য-দুর্দশাধর্মী সত্ত্বগণ শোক-পরিদেবন-দুঃখ-দৌর্মনস্য-দুর্দশা হতে মুক্ত হচ্ছে। আনন্দ, এ কারণেই কল্যাণমিত্রতা, কল্যাণসহায়তা ও কল্যাণবন্ধুত্বতা পরিপূর্ণ ব্রহ্মচর্য বলে জানতে হবে।’

মহারাজ, সে-কারণে আপনার এরূপ শিক্ষা করা কর্তব্য যে, ‘আমি কল্যাণমিত্র, কল্যাণসহায়, কল্যাণবন্ধু হব।’ আপনার এরূপ শিক্ষা করা উচিত।

মহারাজ, কল্���াণমিত্র, কল্যাণসহায়, কল্যাণবন্ধুর এই একটি ধর্মকে উপনিশ্রয় করে আপনার অবস্থান করা উচিত; যথা-কুশলধর্মগুলোতে অপ্রমাদ।

মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার অন্তঃপুরবাসী প্রজাদের এরূপ মনে হবে : ‘আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করবো।’

মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার ক্ষত্রিয়-কর্মচারীদের এরূপ মনে হবে : ‘আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করব।’

মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার সৈন্যদলের এরূপ মনে হবে : ‘আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করবো।’

মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনার নিগম-জনপদবাসীর এরূপ মনে হবে : ‘আমাদের রাজা অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করছেন। সুতরাং আমরাও অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করবো।’

মহারাজ, আপনি যদি অপ্রমাদকে উপনিশ্রয়পূর্বক অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, তাহলে আপনি নিজেও রক্ষিত ও সুরক্ষিত হবেন, অন্তঃপুরবাসীরাও রক্ষিত, সুরক্ষিত হবে এবং ধনাগার, শষ্যাগারও রক্ষিত, সুরক্ষিত হবে।’” ভগবান এরূপ বললেন…।

ভোগসম্পত্তি ও অপরাপর উত্তম উত্তম সম্পত্তি প্রার্থনাকারীর অপ্রমাদভাবে পুণ্যকর্ম সম্পাদনে পণ্ডিতেরা প্রশংসা করেন। ইহকালে যে অর্থ (হিত), পরকালেও সেই একই অর্থ। পণ্ডিত ব্যক্তি অপ্রমত্ত হয়ে এই উভয়ার্থ অধিকার করেন। অর্থাভিসময় (অর্থপ্রতিলাভ বা অর্হত্ত্বফল) লাভ করেন বলে ধীর ব্যক্তিকে পণ্ডিত বলা হয়।’

ব্যাখ্যা [২]