লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

মল্লিকা সূত্র

শ্রাবস্তী নিদান। সে-সময়ে কোশলরাজ প্রসেনজিৎ রাণী মল্লিকা দেবীর সাথে রাজপ্রাসাদে আরোহণ করছেন। তখন কোশলরাজ প্রসেনজিৎ রাণী মল্লিকা দেবীকে এরূপ বললেন, ‘মল্লিকা, নিজের চেয়ে তোমার অন্য কোনো প্রিয়তর আছে কি?’ ‘না মহারাজ, নিজের চেয়ে আমার অন্য কোনো প্রিয়তর নেই। মহারাজ, নিজের চেয়ে আপনার অন্য কোনো প্রিয়তর আছে কি?’ ‘মল্লিকা, নিজের চেয়ে আমারও অন্য কোনো প্রিয়তর নেই।’

অনন্তর কোশলরাজ প্রসেনজিৎ প্রাসাদ থেকে নেমে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে বসলেন। একান্তে উপবিষ্ট কোশলরাজ প্রসেনজিৎ ভগবানকে বললেন, ‘ভন্তে, আমি রাণী মল্লিকা দেবীর সাথে রাজপ্রাসাদোপরে আরোহণ করে রাণী মল্লিকা দেবীকে বললাম, ‘মল্লিকা, নিজের চেয়ে তোমার অন্য কোনো প্রিয়তর আছে কি?’ ভন্তে, আমি এরূপ বললে মল্লিকা দেবী আমাকে বললো, ‘না মহারাজ, নিজের চেয়ে আমার অন্য কোনো প্রিয়তর নেই। মহারাজ, নিজের চেয়ে আপনার অন্য কোনো প্রিয়তর আছে কি?’ ভন্তে, এরূপ বলা হলে আমি মল্লিকা দেবিকে বললাম, ‘মল্লিকা, নিজের চেয়ে আমারও অন্য কোনো প্রিয়তর নেই।’

অনন্তর ভগবান এই অর্থ জ্ঞাত হয়ে তাৎক্ষণিকভাবে এই গাথাটি ভাষণ করলেন :

‘মনে মনে সবদিকে খুঁজেও নিজের চেয়ে প্রিয়তর কোথাও পাইনি। স্বতন্ত্র ব্যক্তি বা অন্য সবার কাছে নিজ তেমনই খুব প্রিয়। তাই আত্মপ্রেমী হয়ে অপরকে কেউ হিংসা করবে না।’

ব্যাখ্যা [১]