লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

পঞ্চশিখ সূত্র

এক সময় ভগবান রাজগৃহের গৃধ্রকূট পর্বতে অবস্থান করছিলেন। তখন গন্ধব্বদেবপুত্র পঞ্চশিখ যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে স্থিত হলেন। একপাশে স্থিত গন্ধব্বপুত্র পঞ্চশিখ ভগবানকে বললেন, “ভন্তে, কী হেতু কী প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে (দৃষ্টধর্মে) পরিনির্বাপিত হয় না? ভন্তে, কী হেতু কী প্রত্যয় যে এখানে কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন?”

“হে পঞ্চশিখ, চক্ষু-বিজ্ঞেয় রূপ আছে তা ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, প্রিয়রূপ, কামসংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত হয়, উল্লাস প্রকাশ করে এবং তাতে অনুরক্ত হয়ে থাকে; সেই আনন্দিতভাব, উল্লাস ও অনুরক্তি হতে তৎনিশ্রিত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয়। হে পঞ্চশিখ, স-উপাদান ভিক্ষু পরিনির্বাপিত হয় না।” শ্রোত্র-বিজ্ঞেয় শব্দ, ঘ্রাণ-বিজ্ঞেয় গন্ধ, জিহ্বা-বিজ্ঞেয় রস, কায়-বিজ্ঞেয় স্প্রষ্টব্য ও মনো-বিজ্ঞেয় ধর্ম সম্পর্কে ও এইরূপ। “হে পঞ্চশিখ, এই হেতু এই প্রত্যয় যেজন্য কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হয় না।”

“হে পঞ্চশিখ, চক্ষু-বিজ্ঞেয় রূপ আছে তা ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, প্রিয়রূপ, কামসংযুক্ত ও রঞ্জনীয়। যদি ভিক্ষু তাতে আনন্দিত না হন, উল্লাস প্রকাশ না করেন এবং তাতে অনুরক্ত হয়ে না থাকেন; সেই নিরানন্দ, উল্লাসহীনতা ও অননুরক্তি হতে তৎনিশ্রিত বিজ্ঞান ও উপাদান উৎপন্ন হয় না। হে পঞ্চশিখ, উপাদানহীন ভিক্ষু পরিনির্বাপিত হন।” শ্রোত্র-বিজ্ঞেয় শব্দ, ঘ্রাণ-বিজ্ঞেয় গন্ধ, জিহ্বা-বিজ্ঞেয় রস, কায়-বিজ্ঞেয় স্প্রষ্টব্য এবং মনো-বিজ্ঞেয় ধর্ম সম্পর্কেও এইরূপ। “হে পঞ্চশিখ, এই হেতু এই প্রত্যয় যেজন্য কিছু কিছু সত্ত্ব প্রত্যক্ষ জীবনে পরিনির্বাপিত হন।”

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]