লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

বহুসংখ্যক ভিক্ষু সূত্র

অতঃপর বহুসংখ্যক ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট ভিক্ষুগণ ভগবানকে বললেন, “ভন্তে, এখানে অন্যতীর্থিয় পরিব্রাজকগণ আমাদের এরূপ জিজ্ঞেস করেন, ‘শ্রমণ গৌতমের অধীনে (আপনাদের) আচরিত ব্রহ্মচর্যের উদ্দেশ্য কী?’ ভন্তে, এরূপে জিজ্ঞাসিত হয়ে আমরা সেই অন্যতীর্থিয় পরিব্রাজকগণকে এভাবে উত্তর প্রদান করি, ‘আবুসো (বন্ধুগণ), দুঃখ সম্পর্কে পরিজ্ঞান লাভই ভগবানের অধীনে (আমাদের) আচরিত ব্রহ্মচর্যের উদ্দেশ্য। ভন্তে, এরূপে জিজ্ঞাসিত হয়ে এভাবে উত্তর প্রদানকালে আমরা কি ভগবান সম্বন্ধে যথার্থবাদী হই? ভগবানকে অসত্য দ্বারা নিন্দা করি না তো? ধর্মের অনুকূলে বর্ণনা করেছি তো? তা ধর্মানুসারে কোনো বাদানুবাদের (নিন্দার) কারণ হবে না তো?

“হে ভিক্ষুগণ, বাস্তবিকই তোমরা এরূপে জিজ্ঞাসিত হয়ে এভাবে উত্তর প্রদানকালে আমার সম্বন্ধে যথার্থবাদী হও; অসত্য দ্বারা আমাকে নিন্দা কর না; ধর্মের অনুকূলে বর্ণনাকারী হও; তা ধর্মানুসারে কোনো বাদানুবাদের কারণ হবে না।”

“হে ভিক্ষুগণ, যদি অন্যতীর্থিয় পরিব্রাজকগণ কর্তৃক তোমরা এরূপ জিজ্ঞাসিত হও, ‘আবুসো (বন্ধুগণ), যেই দুঃখ পরিজ্ঞাত হবার জন্য শ্রমণ গৌতমের অধীনে (আপনাদের) ব্রহ্মচর্য আচরিত হয়, সেই দুঃখ কী কী?’ হে ভিক্ষুগণ, এরূপে জিজ্ঞাসিত হয়ে তোমরা সেই অন্যতীর্থিয় পরিব্রাজকগণকে এভাবে উত্তর প্রদান করবে, ‘আবুসো (বন্ধুগণ), চক্ষু দুঃখ; ইহা পরিজ্ঞাত হবার জন্য ভগবানের অধীনে আমাদের ব্রহ্মচর্য আচরিত হয়। রূপ দুঃখ, ইহা পরিজ্ঞাত হবার জন্য ভগবানের অধীনে আমাদের ব্রহ্মচর্য আচরিত হয়। চক্ষু-বিজ্ঞান দুঃখ, ইহা পরিজ্ঞাত হবার জন্য ভগবানের অধীনে আমাদের ব্রহ্মচর্য আচরিত হয়। চক্ষু-সংস্পর্শ দুঃখ; ইহা পরিজ্ঞাত হবার জন্য ভগবানের অধীনে আমাদের ব্রহ্মচর্য আচরিত হয়। চক্ষু-সংস্পর্শ হেতু উৎপন্ন সুখ বা দুঃখ বা অদুঃখ-অসুখ-বেদনা দুঃখ; ইহা পরিজ্ঞাত হবার জন্য ভগবানের অধীনে আমাদের ব্রহ্মচর্য আচরিত হয়’।” শ্রোত্রাদি, ঘ্রাণাদি, জিহ্বাদি, কায়াদি ও মনাদি সম্বন্ধেও এইরূপ।

“হে ভিক্ষুগণ, এরূপ জিজ্ঞাসিত হয়ে তোমরা সেই অন্যতীর্থিয় পরিব্রাজকগণকে এভাবে উত্তর প্রদান করবে।”

অষ্টম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]