অতঃপর একজন ভিক্ষু যেখানে ভগবান ছিলেন সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে বললেন, “ভন্তে, এখানে নির্জনে ধ্যানরত অবস্থায় আমার চিত্তে এরূপ পরিবিতর্ক উৎপন্ন হয়েছিল, ‘তিন প্রকার বেদনা ভগবান কর্তৃক উক্ত হয়েছে, সুখবেদনা, দুঃখবেদনা ও অদুখাসুখ-বেদনা। এই ত্রিবিধ বেদনা ভগবান কর্তৃক উক্ত হয়েছে। ভগবান কর্তৃক ইহাও উক্ত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়। কি সম্পর্কে ভগবান কর্তৃক ইহা উক্ত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়?”
“সাধু! হে ভিক্ষু, সাধু! আমাকর্তৃক এই তিন প্রকার বেদনা উক্ত হয়েছে। সুখবেদনা, দুঃখবেদনা ও অদুঃখ-অসুখ-বেদনা-এই ত্রিবিধ বেদনা আমাকর্তৃক উক্ত। হে ভিক্ষু, ইহাও আমাকর্তৃক উক্ত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়। হে ভিক্ষু, সংস্কারের অনিত্যতা সম্পর্কে আমাকর্তৃক ইহা ভাষিত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়। হে ভিক্ষু, সংস্কারের ক্ষয়ধর্মীতা সম্পর্কে আমাকর্তৃক ইহা ভাষিত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়। হে ভিক্ষু, সংস্কারের ব্যয়ধর্মীতা সম্পর্কে আমাকর্তৃক ইহা ভাষিত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়। হে ভিক্ষু, সংস্কারের নিরোধধর্মীতা সম্পর্কে আমাকর্তৃক ইহা ভাষিত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়। হে ভিক্ষু, সংস্কারের বিপরিণামধর্মীতা (পরিবর্তনশীলতা) সম্পর্কে আমাকর্তৃক ইহা ভাষিত হয়েছে : যা কিছু অনুভূত হয়, তা দুঃখেই অনুভূত হয়।”
“এরপরও হে ভিক্ষু, আমাকর্তৃক সংস্কারের আনুপূর্বিক নিরোধ ব্যাখ্যাত হয়েছে। প্রথম ধ্যানলাভীর বাক্য নিরুদ্ধ হয়। দ্বিতীয় ধ্যানলাভীর বিতর্ক-বিচার নিরুদ্ধ হয়। তৃতীয় ধ্যানলাভীর প্রীতি নিরুদ্ধ হয়। চতুর্থ ধ্যানলাভীর শ্বাস-প্রশ্বাস নিরুদ্ধ হয়। আকাশ-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর রূপসংজ্ঞা নিরুদ্ধ হয়। বিজ্ঞান-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর আকাশ-অনন্ত-আয়তন-সংজ্ঞা নিরুদ্ধ হয়। আকিঞ্চন-আয়তন (ধ্যান)-লাভীর বিজ্ঞান-অনন্ত-আয়তন-সংজ্ঞা নিরুদ্ধ হয়। নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন (ধ্যান)-লাভীর আকিঞ্চন-আয়তন-সংজ্ঞা নিরুদ্ধ হয়। সংজ্ঞাবেদয়িত নিরোধ (সমাপত্তি)-লাভীর সংজ্ঞা ও বেদনা নিরুদ্ধ হয়। ক্ষীণাসব ভিক্ষুর রাগ-দ্বেষ-মোহ নিরুদ্ধ হয়।”
“এরপরও হে ভিক্ষু, আমাকর্তৃক সংস্কারের আনুপূর্বিক উপশম ব্যাখ্যাত হয়েছে। প্রথম ধ্যানলাভীর বাক্য উপশান্ত হয়। দ্বিতীয় ধ্যানলাভীর বিতর্ক-বিচার উপশান্ত হয়। তৃতীয় ধ্যানলাভীর প্রীতি উপশান্ত হয়। চতুর্থ ধ্যানলাভীর শ্বাস-প্রশ্বাস উপশান্ত হয়। আকাশ-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর রূপসংজ্ঞা উপশান্ত হয়। বিজ্ঞান-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর আকাশ-অনন্ত-আয়তন-সংজ্ঞা উপশান্ত হয়। আকিঞ্চন-আয়তন (ধ্যান)-লাভীর বিজ্ঞান-অনন্ত-আয়তন-সংজ্ঞা উপশান্ত হয়। নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন (ধ্যান)-লাভীর আকিঞ্চন-আয়তন-সংজ্ঞা উপশান্ত হয়। সংজ্ঞাবেদয়িত নিরোধ (সমাপত্তি)-লাভীর সংজ্ঞা ও বেদনা উপশান্ত হয়। ক্ষীণাসব ভিক্ষুর রাগ-দ্বেষ-মোহ উপশান্ত হয়।”
“হে ভিক্ষু, প্রশ্রদ্ধি (প্রশান্তি) ছয় প্রকার। প্রথম ধ্যানলাভীর বাক্য শান্ত হয়। দ্বিতীয় ধ্যানলাভীর বিতর্ক-বিচার শান্ত হয়। তৃতীয় ধ্যানলাভীর প্রীতি শান্ত হয়। চতুর্থ ধ্যানলাভীর শ্বাস-প্রশ্বাস শান্ত হয়। সংজ্ঞাবেদয়িত নিরোধ (সমাপত্তি)-লাভীর সংজ্ঞা ও বেদনা শান্ত হয়। ক্ষীণাসব ভিক্ষুর রাগ-দ্বেষ-মোহ শান্ত হয়।”
প্রথম সূত্র সমাপ্ত।
ব্যাখ্যা [১]
English