লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রথম বহুসংখ্যক সূত্র

অতঃপর বহুসংখ্যক ভিক্ষু যেখানে ভগবান সেখানে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে বললেন, “ভন্তে, বেদনা কী? বেদনা-সমুদয় কী? বেদনা-নিরোধ কী? বেদনা-নিরোধগামী প্রতিপদা কী? বেদনার আস্বাদ (উপভোগ) কী? বেদনার দোষ (উপদ্রব) কী? বেদনা হতে নিঃসরণ কী?

হে ভিক্ষুগণ, বেদনা এই তিন প্রকার। সুখ-বেদনা, দুঃখবেদনা, অদুঃখ-অসুখ-বেদনা। হে ভিক্ষুগণ, এগুলোকে বলা হয় বেদনা। স্পর্শের উৎপত্তিতে বেদনার উৎপত্তি; স্পর্শের নিরোধে বেদনা নিরোধ হয়। এই আর্য অষ্টাঙ্গিক মার্গই বেদনা নিরোধগামী প্রতিপদা (উপায়), যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বেদনা হেতু যে সুখ-সৌমনস্য উৎপন্ন হয়, তা বেদনার আস্বাদ। বেদনা যে অনিত্য, দুঃখ ও পরিবর্তনশীল, তা বেদনার আদীনব (উপদ্রব)। বেদনা সম্পর্কে যা ছন্দরাগ দমন, ছন্দরাগ পরিহার তা বেদনা হতে নিঃসরণ (মুক্তি)।”

“এরপরও হে ভিক্ষুগণ, আমাকর্তৃক সংস্কারের আনুপূর্বিক নিরোধ ব্যাখ্যাত হয়েছে। প্রথম ধ্যানলাভীর বাক্য নিরুদ্ধ হয়। দ্বিতীয় ধ্যানলাভীর বিতর্ক-বিচার নিরুদ্ধ হয়। তৃতীয় ধ্যানলাভীর প্রীতি নিরুদ্ধ হয়। চতুর্থ ধ্যানলাভীর শ্বাস-প্রশ্বাস নিরুদ্ধ হয়। আকাশ-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর রূপসংজ্ঞা নিরুদ্ধ হয়। বিজ্ঞান-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর আকাশ-অনন্ত-আয়তন-সংজ্ঞা নিরুদ্ধ হয়। আকিঞ্চন-আয়তন (ধ্যান)-লাভীর বিজ্ঞান-অনন্ত-আয়তন-সংজ্ঞা নিরুদ্ধ হয়। নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন (ধ্যান)-লাভীর আকিঞ্চন-আয়তন-সংজ্ঞা নিরুদ্ধ হয়। সংজ্ঞাবেদয়িত নিরোধ (সমাপত্তি)-লাভীর সংজ্ঞা ও বেদনা নিরুদ্ধ হয়। ক্ষীণাসব ভিক্ষুগণ রাগ-দ্বেষ-মোহ নিরুদ্ধ হয়।”

“এরপরও হে ভিক্ষুগণ, আমাকর্তৃক সংস্কারের আনুপূর্বিক উপশম ব্যাখ্যাত হয়েছে। প্রথম ধ্যানলাভীর বাক্য উপশান্ত হয়। দ্বিতীয় ধ্যানলাভীর বিতর্ক-বিচার উপশান্ত হয়। তৃতীয় ধ্যানলাভীর প্রীতি উপশান্ত হয়। চতুর্থ ধ্যানলাভীর শ্বাস-প্রশ্বাস উপশান্ত হয়। আকাশ-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর রূপসংজ্ঞা উপশান্ত হয়। বিজ্ঞান-অনন্ত-আয়তন (ধ্যান)-লাভীর আকাশ-অনন্ত-আয়তন-সংজ্ঞা উপশান্ত হয়। আকিঞ্চন আয়তন (ধ্যান)-লাভীর বিজ্ঞান-অনন্ত-আয়তন সংজ্ঞা উপশান্ত হয়। নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন (ধ্যান)-লাভীর আকিঞ্চন-আয়তন-সংজ্ঞা উপশান্ত হয়। সংজ্ঞাবেদয়িত নিরোধ (সমাপত্তি)-লাভীর সংজ্ঞা ও বেদনা উপশান্ত হয়। ক্ষীণাসব ভিক্ষুগণ রাগ-দ্বেষ-মোহ উপশান্ত হয়।”

“হে ভিক্ষুগণ, প্রশ্রদ্ধি (প্রশান্তি) ছয় প্রকার। প্রথম ধ্যানলাভীর বাক্য শান্ত হয়। দ্বিতীয় ধ্যানলাভীর বিতর্ক-বিচার শান্ত হয়। তৃতীয় ধ্যানলাভীর প্রীতি শান্ত হয়। চতুর্থ ধ্যানলাভীর শ্বাস-প্রশ্বাস শান্ত হয়। সংজ্ঞাবেদয়িত নিরোধ (সমাপত্তি)-লাভীর সংজ্ঞা ও বেদনা শান্ত হয়। ক্ষীণাসব ভিক্ষুগণ রাগ-দ্বেষ-মোহ শান্ত হয়।”

সপ্তম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]