লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

প্রথম মারবন্ধন সূত্র

আমি এরূপ শুনেছি। একসময় ভগবান বারাণসীর ঋষিপতন মৃগদায়ে অবস্থান করছেন। তথায় ভগবান ভ���ক্ষুগণকে ‘হে ভিক্ষুগণ,’ বলে আহ্বান করলেন। ‘হ্যাঁ ভদন্ত,’ বলে সেই ভিক্ষুগণ ভগবানের প্রত্যুত্তর দিলেন। তখন ভগবান বললেন :

‘হে ভিক্ষুগণ, আমি সম্যক মনোযোগে, যথার্থ প্রচেষ্টায় অনুত্তর বিমুক্তি (অর্হত্ত্বফল-বিমুক্তি) লাভ করেছি, অনুত্তর বিমুক্তি সাক্ষাৎ করেছি। ভিক্ষুগণ, তোমরাও সম্যক মনোযোগে, যথার্থ প্রচেষ্টায় অনুত্তর বিমুক্তি প্রাপ্ত হও, অনুত্তর বিমুক্তি সাক্ষাৎ কর।’ এমন সময়ে পাপীরাজ মার ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে গাথায় বলল :

‘আপনি দিব্যকামগুণযুক্ত ও মনুষ্যকামগুণযুক্ত মারবন্ধনে অবরুদ্ধ, আপনি মারবন্ধনাবদ্ধ, হে শ্রমণ, আমার কাছ থেকে মুক্তি পাবেন না।’

(তখন ভগবান বললেন)

‘আমি দিব্যকামগুণযুক্ত ও মনুষ্যকামগুণযুক্ত মারবন্ধন হতে মুক্ত, আমি মারবন্ধন হতে মুক্ত হয়েছি, হে মার, তুমি পরাভূত, তুমি পরাজিত।’

তখন পাপীরাজ মার ‘ভগবান আমাকে জেনেছেন, সুগত আমাকে জেনেছেন’ বলে দুঃখী ও দুর্মনা হয়ে সেখানেই অন্তর্ধান করল।

ব্যাখ্যা [২]