লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পারঙ্গম সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে তা নির্বাণ-তীরে গমনের জন্য সংবর্তিত হয়। সেই অষ্টবিধ কী কী? যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, এই অষ্টবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে তা নির্বাণ-তীরে গমনের জন্য সংবর্তিত হয়।”

ভগবান এরূপ বললেন। অতঃপর সুগত এরূপ বলার পর শাস্তা আবার এই গাথা বললেন :

“অল্পমাত্র মানবগণ হয়েছে পারগত,
অন্যসবে এই তীরেতে শুধুই হচ্ছে ধাবিত;
ধর্মাচারী, ধর্মাস্মরী যারা এই জগতে অপার,
তারাই হবে পার মৃত্যুধীন দুস্তর পারাপার।
পাপ ত্যাগে পুণ্য কর হে পণ্ডিত অনুক্ষণ,
বিবেকশূন্য গৃহ ত্যাজ হয়ে প্রাণপণ;
কামবাসনা পরিত্যাগে হয়ে অকিঞ্চন,
ইচ্ছুক হয় তথায় সে হতে অভিরমন।
চিত্ত মাঝে যতবিধ ক্লেশমল বিরাজিত,
নিজেকে বিশুদ্ধ করে তা হতে পণ্ডিত সতত।
সম্বোধি অঙ্গে যাদের চিত্ত সুভাবিত,
আসক্তি ত্যাগে অনাসক্তিতে যারা সদা রত;
সেরূপ ক্ষীণাসব আর জ্যোতিষ্মানগণ,
ইহজগৎ হতে পরিনিবৃত হন।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [১]