লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

শূক সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, যদি অপরিণত (মিচ্ছাপণিহিতং) শষ্যশূক বা যবশূক হাত অথবা পায়ের দ্বারা দলিত করা হয়, তবে সেই হাত বা পা ক্ষত হবে কিংবা তা হতে রক্ত নিঃসৃত হবে, তা অসম্ভব। তার কারণ কী? সেই শূক অপরিণত হওয়ার দরুন। এরূপেই ভিক্ষুগণ, ভিক্ষু মিথ্যা প্রতিপন্ন দৃষ্টির দ্বারা, মিথ্যা প্রতিপন্ন মার্গ ভাবনার দ্বারা অবিদ্যাকে ছেদন করবে, বিদ্যা (জ্ঞান) উৎপন্ন করবে এবং নির্বাণ সাক্ষাৎ বা উপলব্ধি করবে, তা অসম্ভব। তার কারণ কী? ভিক্ষুগণ, সেই ভিক্ষুর দৃষ্টি মিথ্যায় প্রতিপন্ন বিধায়।

ভিক্ষুগণ, যেমন পরিণত শষ্যশূক বা যবশূক যদি হাত অথবা পায়ের দ্বারা দলিত করা হয়, তবে সেই হাত বা পা ক্ষত হবে কিংবা তা হতে রক্ত নিঃসৃত হবে, তা সম্ভব। তার কারণ কী? শষ্যশূক পরিণত হওয়ার দরুন। এরূপেই ভিক্ষুগণ, ভিক্ষু সম্যক প্রণিহিত দৃষ্টির দ্বারা, সম্যক প্রণিহিত মার্গ ভাবনার দ্বারা অবিদ্যাকে ছেদন করবে, বিদ্যা (জ্ঞান) উৎপন্ন করবে এবং নির্বাণ সাক্ষাৎ করবে, তা সম্ভব। তার কারণ কী? ভিক্ষুগণ, সেই ভিক্ষুর দৃষ্টি সম্যক প্রণিহিত বিধায়।

ভিক্ষুগণ, কীরূপে ভিক্ষু সম্যক প্রণিহিত দৃষ্টির দ্বারা, সম্যক প্রণিহিত মার্গ ভাবনার দ্বারা অবিদ্যাকে ছেদন করে, বিদ্যা উৎপন্ন করে এবং নির্বাণ সাক্ষাৎ করে থাকে? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক দৃষ্টি ভাবিত করে। একইভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি ভাবিত বা অনুশীলন করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু সম্যক প্রণিহিত দৃষ্টির দ্বারা, সম্যক প্রণিহিত মার্গ ভাবনার দ্বারা অবিদ্যাকে ছেদন করে, বিদ্যা উৎপন্ন করে এবং নির্বাণ সাক্ষাৎ করে থাকে।” নবম সূত্র।

ব্যাখ্যা [০]