লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৪]

সেদক সূত্র

একসময় ভগবান সুম্বেতে অবস্থান করছিলেন, সেদক নামক সুম্ভদের নগরে। তথায় ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন-

“হে ভিক্ষুগণ, পূর্বে এক চণ্ডালবংশীক বাজিকর বাঁশের উপর উঠে তার ছাত্র (অন্তের্বাসী) মেদকথালিককে ডেকে বলল, ‘সৌম্য মেদকথালিক, এসো, বাঁশ বেয়ে উঠে আমার উপরিস্কন্ধে উঠ।’ ‘আচার্য এরূপ হোক’ বলে অন্তের্বাসী মেদকথালিক বাজিকরকে প্রত্যুত্তর দিয়ে বাঁশ বেয়ে উঠে আচার্যের উপরিস্কন্ধে স্থিত হলো। অতঃপর বাজিকর তার অন্তেবাসী মেদকথালিককে এরূপ বলল, ‘সৌম্য মেদকথালিক, তুমি আমাকে রক্ষা কর, আমি তোমাকে রক্ষা করব। এভাবে আমরা একে অপরকে রক্ষিত, সুরক্ষিত করে খেলার নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হবো, অর্থ উপার্জন করব এবং বাঁশ হতে আমরা নিরাপদে অবতরণ করতে পারব।’ ভিক্ষুগণ, তিনি এরূপ বললে অন্তের্বাসী মেদকথালিক তার গুরু বাজিকরকে এরূপ বলল, ‘হে আচার্য, কখনোই এরূপ হবে না। আপনি নিজেকে রক্ষা করুন আর আমিও নিজেকে রক্ষা করব। এরূপেই আমরা নিজেকে নিজে রক্ষিত, সুরক্ষিত করে স্ব স্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হবো, অর্থ উপার্জন করব এবং বাঁশ হতে আমরা নিরাপদে অবতরণ করতে সক্ষম হবো।”

তারপর ভগবান এরূপ বললেন, “অন্তের্বাসী মেদকথালিক আচার্যকে যেরূপ বলল তাই হচ্ছে প্রকৃত নিয়ম। হে ভিক্ষুগণ, ‘নিজেকে রক্ষা করব’ এরূপ চাইলে স্মৃতিপ্রস্থান ভাবনা অনুশীলন করা উচিত আর ‘অপরকে রক্ষা করব’ এমনটা চাইলেও স্মৃতিপ্রস্থান ভাবনা অনুশীলন করা উচিত। ভিক্ষুগণ, নিজেকে রক্ষা করলে অপরকে রক্ষা করা হয় এবং অপরকে রক্ষা করলে নিজেকেও রক্ষা করা হয়।

ভিক্ষুগণ, কীরূপে নিজেকে রক্ষা করলে অপরকে রক্ষা করা হয়? যেমন, (স্মৃতিপ্রস্থান ভাবনা) পুনঃপুন অভ্যাস, অনুশীলন এবং বারংবার সম্পাদনের মাধ্যমে নিজেকে রক্ষা করলে অপরকে রক্ষা করা হয়। কীরূপে অপরকে রক্ষা করলে নিজেকে রক্ষা করা হয়? ক্ষান্তি, অবিহিংসা, মৈত্রীচিত্ত ও সহানুভূতি প্রয়োগের মাধ্যমে অপরকে রক্ষা করলে নিজেকেও রক্ষা করা হয়। ভিক্ষুগণ, ‘নিজেকে রক্ষা করব’ এরূপ চাইলে স্মৃতিপ্রস্থান ভাবনা অনুশীলন করা উচিত, আর ‘অপরকে রক্ষা করব’ এমনটা চাইলেও স্মৃতিপ্রস্থান ভাবনা অনুশীলন করা উচিত। নিজেকে রক্ষা করলে অপরকে রক্ষা করা হয় এবং অপরকে রক্ষা করলে নিজেকেও রক্ষা করা হয়।” নবম সূত্র।

ব্যাখ্যা [২]