লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

আম্রপালি সূত্র

আমি এরূপ শুনেছি। একসময় ভগবান বৈশালীতে আম্রপালির বনে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুগণকে “হে ভিক্ষুগণ,” বলে আহ্বান করলেন। ভিক্ষুগণ “হ্যাঁ ভদন্ত,” বলে ভগবানের প্রত্যুত্তর প্রদান করলেন। তখন ভগবান এরূপ বললেন :

“হে ভিক্ষুগণ, সত্ত্বগণের বিশুদ্ধির জন্য, শোক-পরিদেবন সম্যকরূপে অতিক্রমের জন্য, দুঃখ-দৌর্মনস্য তিরোধানের জন্য, ন্যায় মার্গ লাভ ও নির্বাণ সাক্ষাতের জন্য ইহাই একমাত্র পথ; যথা : চারি স্মৃতিপ্রস্থান। সেই চারি প্রকার কী কী? ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। অনুরূপভাবে ভিক্ষু বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী ও ধর্মে (মনোগোচর বিষয়ে) ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। ভিক্ষুগণ, সত্ত্বগণের বিশুদ্ধির জন্য, শোক-পরিদেবন সম্যকরূপে অতিক্রমের জন্য, দুঃখ-দৌর্মনস্য তিরোধানের জন্য, ন্যায় মার্গ লাভ ও নির্বাণ সাক্ষাতের জন্য চারি স্মৃতিপ্রস্থানই একমাত্র পথ।”

ভগবান এরূপ বললে ভিক্ষুগণ প্রসন্নচিত্তে ভগবানের ভাষণ অনুমোদন করলেন। প্রথম সূত্র।

ব্যাখ্যা [১]