লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দুশ্চরিত্র সূত্র

অতঃপর জনৈক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন :

“ভন্তে, তা উত্তম হয়, যদি ভগবান আমাকে সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা প্রদান করেন; যেন আমি ভগবানের ধর্ম শ্রবণপূর্বক একাকী নির্জনে অপ্রমত্ত, বীর্যবান ও প্রেষিতাত্ম হয়ে অবস্থান করতে সক্ষম হই।”

“তদ্ধেতু, হে ভিক্ষু, প্রথমে তুমি আদি কুশলধর্মসমূহে বিশুদ্ধ হও। সেই আদি কুশলধর্মসমূহ কী কী? ভিক্ষু, এক্ষেত্রে তুমি কায়িক দুশ্চরিত ত্যাগ করে কায়িক সুচরিত বৃদ্ধি কর। বাচনিক-দুশ্চরিত ত্যাগ করে বাচনিক-সুচরিত বৃদ্ধি কর। এবং মানসিক-দুশ্চরিত ত্যাগ করে মানসিক-সুচরিত বৃদ্ধি কর। যখন হতে তুমি কায়িক দুশ্চরিত ত্যাগ করে কায়িক সুচরিত বৃদ্ধি করবে, বাচনিক-দুশ্চরিত ত্যাগ করে বাচনিক-সুচরিত বৃদ্ধি করবে এবং মানসিক-দুশ্চরিত ত্যাগ করে মানসিক-সুচরিত বৃদ্ধি করবে, তখন হতে তুমি শীলকে নিশ্রয় করে ও শীলে প্রতিষ্ঠিত হয়ে চারি স্মৃতিপ্রস্থানেমনোনিবেশ করবে।

সেই চারি প্রকার কী কী? ভিক্ষু, এক্ষেত্রে তুমি বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান কর। অনুরূপভাবে বীর্যবান, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী এবং ধর্মে (মনোগোচর বিষয়ে) ধর্মানুদর্শী হয়ে অবস্থান কর। ভিক্ষু, যখন হতে তুমি শীলকে নিশ্রয় করে ও শীলে প্রতিষ্ঠিত হয়ে চারি স্মৃতিপ্রস্থানেএরূপে মনোনিবেশ করবে, তখন হতে তোমার দিবা-রাত্রি যতই যাপিত হবে ততই কুশলধর্মসমূহে শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়।”

অতঃপর সেই ভিক্ষু ভগবানের ভাষণ অভিনন্দন ও অনুমোদন করে আসন হতে উঠে ভগবানকে অভিবাদনপূর্বক প্রদক্ষিণ করে প্রস্থান করলেন। অনন্তর সেই ভিক্ষু একাকী নির্জনে অপ্রমত্ত, বীর্যবান ও প্রেষিতাত্ম হয়ে অবস্থান করতে করতে অচিরেই যার জন্য কুলপুত্রগণ সম্যকভাবে আগার হতে অনাগারে প্রব্রজিত হন, সেই অনুত্তর ব্রহ্মচর্যের পর্যাবসান এবং ইহজীবনেই স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ ও লাভ করে অবস্থান করতে লাগলেন। ‘জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য উদ্‌যাপিত হয়েছে, করণীয় কৃত হয়েছে এবং এ জীবনে দুঃখমুক্তির জন্য আর অন্য কোনো কর্তব্য নেই’ এরূপ জানতে পারলেন। তখন সেই ভিক্ষু অর্হৎগণের মধ্যে অন্যতর অর্হৎ হলেন। সপ্তম সূত্র।

ব্যাখ্যা [০]