শ্রাবস্তী নিদান। সেই সময়ে গৃহপতি অনাথপিণ্ডিক রোগগ্রস্ত, রোগ-যন্ত্রণায় দুঃখিত ও অত্যন্ত অসুস্থ ছিলেন। অতঃপর গৃহপতি অনাথপিণ্ডিক জনৈক কর্মচারীকে ডেকে বললেন :
“ওহে! এদিক এসো। যেখানে আয়ুষ্মান সারিপুত্র ভন্তে অবস্থান করছেন সেখানে গিয়ে আমার কথা উলেৱ্লখ করে ভন্তের পাদপদ্মে নতশিরে বন্দনা জানিয়ে বলবে-‘ভন্তে, গৃহপতি অনাথপিণ্ডিক রোগগ্রস্ত, রোগ-যন্ত্রণায় দুঃখিত ও অত্যন্ত অসুস্থ। তিনি আয়ুষ্মান সারিপুত্র ভন্তের পাদপদ্মে নতশিরে বন্দনা জানাচ্ছেন।’ এরূপ বলার পর ভন্তে মহোদয়কে পুনরায় বলবে-‘ভন্তে, তা উত্তম হয় যদি আয়ুষ্মান সারিপুত্র অনুকম্পাপূর্বক গৃহপতি অনাথপিণ্ডিকের গৃহে গমন করেন।’”
‘যথা আজ্ঞা’ বলে সেই গৃহস্থ কর্মচারী গৃহপতি অনাথপিণ্ডিককে সম্মতি দিয়ে আয়ুষ্মান সারিপুত্রের নিকট গেলেন। সারিপুত্রের নিকট উপস্থিত হয়ে তাকে অভিবাদন করে একপাশে বসলেন। একপাশে উপবেশনের পর সেই কর্মচারী আয়ুষ্মান সারিপুত্রকে এরূপ বললেন :
“ভন্তে, গৃহপতি অনাথপিণ্ডিক রোগগ্রস্ত, রোগ-যন্ত্রণায় দুঃখিত ও অত্যন্ত অসুস্থ। তিনি আয়ুষ্মান সারিপুত্র ভন্তের পাদপদ্মে নতশিরে বন্দনা জানাচ্ছেন।’ এবং এরূপ বলেছেন, ‘ভন্তে, তা উত্তম হয় যদি আয়ুষ্মান সারিপুত্র অনুকম্পাপূর্বক গৃহপতি অনাথপিণ্ডিকের গৃহে গমন করেন।’”
আয়ুষ্মান সারিপুত্র নীরবে সম্মত হলেন। অতঃপর আয়ুষ্মান সারিপুত্র পূর্বাহ্ণ সময়ে পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্র-চীবর সাথে নিয়ে আয়ুষ্মান আনন্দের পশ্চাৎগামী হয়ে গৃহপতি অনাথপিণ্ডিকের গৃহে গেলেন। তথায় উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসলেন। আসনে উপবিষ্ট হয়ে আয়ুষ্মান সারিপুত্র গৃহপতি অনাথপিণ্ডিককে এরূপ জিজ্ঞাসা করলেন :
“হে গৃহপতি, আপনার রোগ উপশম হচ্ছে কি? আগের চেয়ে সুস্থ লাগছে কি? আপনার দুঃখবেদনা বৃদ্ধি না পেয়ে হ্রাস পাচ্ছে কি? আপনার ব্যাধি বৃদ্ধি না পেয়ে হ্রাস পাওয়ার কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে?”
“ভন্তে, আমার রোগ আরোগ্য হচ্ছে না, আগের চেয়েও সুস্থবোধ করছি না। আমার রোগের যাতনা না কমে বাড়ছে। হ্রাস পাওয়ার কোনো লক্ষণও নেই, বরঞ্চ দিন দিন তা বাড়ছে।”
“হে গৃহপতি, বুদ্ধের প্রতি যেরূপ অপ্রসন্নতাহেতু অশ্রুতবান পৃথগ্জন (সাধারণজন) কায়ভেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নরকে উৎপন্ন হয়, বুদ্ধের প্রতি সেরূপ অপ্রসন্নতা আপনার মধ্যে অবিদ্যমান। অধিকন্তু গৃহপতি, আপনার নিকট বুদ্ধের প্রতি অবিচলিত শ্রদ্ধা বা প্রসন্নতা বিদ্যমান; যথা : ‘ইনি সেই ভগবান, অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, বিদ্যা-আচরণসম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুত্তর পুরুষ দমনকারী সারথি, দেব-মনুষ্যের শাস্তা ও বুদ্ধ ভগবান।’ সেই বুদ্ধের প্রতি অবিচলিত শ্রদ্ধা যদি আপনি নিজ মধ্যে বিদ্যমান দেখতে পান তাহলে আপনার দুঃখবেদনা শীঘ্র উপশম হতে পারে।
গৃহপতি, ধর্মের প্রতি যেরূপ অপ্রসন্নতাহেতু অশ্রুতবান পৃথগ্জন (সাধারণজন) কায়ভেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নরকে উৎপন্ন হয়, ধর্মের প্রতি সেরূপ অপ্রসন্নতা আপনার মধ্যে অবিদ্যমান। অধিকন্তু গৃহপতি,আপনার নিকট ধর্মের প্রতি অবিচলিত শ্রদ্ধা বা প্রসন্নতা বিদ্যমান; যথা : ‘ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সন্দৃষ্টিক, কালাকাল বিরহিত, এসে দেখার যোগ্য, নির্বাণে উপনয়নকারী এবং বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য।’ সেই ধর্মের প্রতি অবিচলিত শ্রদ্ধা যদি আপনি নিজ মধ্যে বিদ্যমান দেখতে পান তাহলে আপনার দুঃখবেদনা শীঘ্র উপশম হতে পারে।
গৃহপতি, সংঘের প্রতি যেরূপ অপ্রসন্নতাহেতু অশ্রুতবান পৃথগ্জন (সাধারণজন) কায়ভেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নরকে উৎপন্ন হয়, সংঘের প্রতি সেরূপ অপ্রসন্নতা আপনার মধ্যে অবিদ্যমান। অধিকন্তু গৃহপতি, আপনার নিকট সংঘের প্রতি অবিচলিত শ্রদ্ধা বা প্রসন্নতা বিদ্যমান; যথা : ‘ভগবানের শিষ্যমণ্ডলী সুপথে প্রতিপন্ন, ঋজুপথে প্রতিপন্ন, ন্যায় বা নির্বাণপথে প্রতিপন্ন, সমীচীন পথে প্রতিপন্ন, ভগবানের শ্রাবকসংঘ যুগ্ম হিসাবে চারি যুগ্ম এবং পুদ্গল হিসাবে অষ্ট আর্যপুদ্গলই চারি প্রত্যয় দান-আহুতি লাভের যোগ্য, আতিথেয়তা লাভের যোগ্য, দক্ষিণেয়্য, অঞ্জলি করণীয় এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র’। সেই সংঘের প্রতি অবিচলিত শ্রদ্ধা যদি আপনি নিজ মধ্যে বিদ্যমান দেখতে পান তাহলে আপনার দুঃখবেদনা শীঘ্র উপশম হতে পারে।
গৃহপতি, যেরূপ দুঃশীলাচারে পূর্ণ অশ্রুতবান পৃথগ্জন (সাধারণজন) কায়ভেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নরকে উৎপন্ন হয়, সেরূপ দুঃশীলাচার আপনি করেননি। অধিকন্তু গৃহপতি, আপনার নিকট আর্যগণের প্রশংসিত অখণ্ড, নিশ্চিদ্র, নিখুঁত, নিষ্কলঙ্ক, বিমুক্তিতে উপনীতকারী, বিজ্ঞ কর্তৃক প্রশংসিত, অদূষিত এবং সমাধি লাভে সহায়ক শীলসমূহ বিদ্যমান। আর্যগণের প্রশংসিত সেই শীলসমূহ যদি আপনি নিজ মধ্যে বিদ্যমান দেখতে পান তাহলে আপনার দুঃখবেদনা শীঘ্র উপশম হতে পারে।
গৃহপতি, যেরূপ মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংঙ্কল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি,মিথ্যা সমাধি, মিথ্যা জ্ঞান এবং মিথ্যা বিমুক্তিতে সমন্নাগত অশ্রুতবান পৃথগ্জন (সাধারণজন) কায়ভেদে মৃত্যুর পর অপায়, দুর্গতি, বিনিপাত নরকে উৎপন্ন হয়, সেরূপ মিথ্যাদৃষ্টি, মিথ্যা সংঙ্কল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি, মিথ্যা জ্ঞান এবং মিথ্যা বিমুক্তি আপনার মধ্যে অবিদ্যমান। অধিকন্তু গৃহপতি, আপনার নিকট সম্যক দৃষ্টি, সম্যক সংঙ্কল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যকজ্ঞান এবং সম্যক বিমুক্তি বিদ্যমান। সেই সম্যক দৃষ্টি, সম্যক সংঙ্কল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যকজ্ঞান এবং সম্যক বিমুক্তি যদি আপনি নিজ মধ্যে বিদ্যমান দেখতে পান তাহলে আপনার দুঃখবেদনা শীঘ্র উপশম হতে পারে।”
অতঃপর গৃহপতি অনাথপিণ্ডিকের শীঘ্রই রোগবেদনা বিদূরিত হলো। তারপর গৃহপতি অনাথপিণ্ডিক স্বয়ং আয়ুষ্মান সারিপুত্র ও আনন্দ ভন্তেকে আহারাদি পরিবেশন করলেন। যখন আয়ুষ্মান সারিপুত্রকে ভোজনকৃত্য শেষ করে পাত্র হতে হাত সরিয়ে নিতে দেখলেন তখন গৃহপতি অনাথপিণ্ডিক এক নিচু আসন বিছিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট অনাথপিণ্ডিক গৃহপতিকে আয়ুষ্মান সারিপুত্র এই গাথার মাধ্যমে অনুমোদন করলেন :
“তথাগতের প্রতি যার শ্রদ্ধা অবিচল,
প্রতিষ্ঠিত শ্রদ্ধা তার বিগত হয় মল।
আর্যগণের প্রশংসিত, মনোজ্ঞ তিনি,
নির্মল শীল পালনে রত আছেন যিনি।
যথাযথভাবে যে করে সংঘকে দর্শন,
সেহেতু লভে সে প্রসাদ, হয় পুণ্য বর্ধন;
অদরিদ্ররূপে তাকে করা যায় অভিহিত,
অব্যর্থ তার জীবনধারণ এ লোকে সতত।
সেহেতু জ্ঞানীজন পালন করুন অনুক্ষণ,
বুদ্ধের শাসন সদা করুন অনুস্মরণ;
শ্রদ্ধা, শীল পালনে আর ধর্মে প্রসাদিত,
নিত্য থাকুন যুক্ত এই তিনে অবিরত।”
অতঃপর আয়ুষ্মান সারিপুত্র অনাথপিণ্ডিক গৃহপতিকে এই গাথার মাধ্যমে অনুমোদন করে আসন হতে উঠে প্রস্থান করলেন। তারপর আয়ুষ্মান আনন্দ ভগবান সমীপে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে ভগবান জিজ্ঞাসা করলেন :
“হে আনন্দ, তুমি এই দিনের বেলায় কোথা হতে আসছ?”
“ভন্তে, আয়ুষ্মান সারিপুত্র কর্তৃক গৃহপতি অনাথপিণ্ডিক এই এই উপদেশের মাধ্যমে উপদিষ্ট হয়েছেন।”
“আনন্দ, সারিপুত্র পণ্ডিত। এমনি মহাপ্রাজ্ঞ যে, সে স্রোতাপত্তির চারি অঙ্গ দশ প্রকারে বিভাগ করতে পারবে।” ষষ্ঠ সূত্র।
ব্যাখ্যা [১]
English