লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দেবহিত সূত্র

শ্রাবস্তী নিদান। সে-সময় ভগবান বায়ুরোগে আক্রান্ত হন। তখন আয়ুষ্মান উপবান ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন। ভগবান আয়ুষ্মান উপবানকে ডেকে বললেন, ‘হে উপবান, এসো তুমি আমার জন্য গরম জলের ব্যবস্থা করো।’ ‘হ্যাঁ ভন্তে’ বলে আয়ুষ্মান উপবান ভগবানকে প্রতিশ্রুতি দেয়ার পর পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্র-চীবর গ্রহণপূর্বক দেবহিত ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি একপাশে নীরবে দাঁড়িয়ে রইলেন। দেবহিত ব্রাহ্মণ আয়ুষ্মান উপবানকে নীরবে দাঁড়ানো অবস্থায় দেখে তাকে গাথায় বললেন :

‘সঙ্ঘাটি পরিহিত মুণ্ডিত মস্তক প্রভু আপনি নীরবে দাঁড়িয়ে এখানে কী চান? এবং কী যাচ্ঞা করতে এসেছেন?’

আয়ুষ্মান উপবান ব্রাহ্মণকে বললেন, ‘হে ব্রাহ্মণ, জগতে অর্হৎ সুগত মুনি বায়ুরোগে আক্রান্ত হয়েছেন। যদি গরম জল থাকে তাহলে মুনির জন্য দান করুন।’

‘তিনি পূজনীয় ব্যক্তিগণের পূজিত, সৎকারীদের সৎকারপ্রাপ্ত এবং সম্মান প্রদর্শনকারীদের সম্মানিত। তদ্ধেতু আমি তাঁর জন্য গরম জল নিয়ে যেতে ইচ্ছা করি।’

অতঃপর দেবহিত ব্রাহ্মণ গরম জলের ভার লোক দ্বারা ধরিয়ে দিয়ে একটি গুড়ের থলি আয়ুষ্মান উপবানকে প্রদান করলেন। তখন আয়ুষ্মান উপবান ভগবানের নিকট এসে তাঁকে গরম জলে স্নান করালেন এবং গুড় গরম জলে মিশিয়ে ভগবানকে দিলেন। অনন্তর ভগবানের রোগ উপশমিত হলো।

অতঃপর দেবহিত ব্রাহ্মণ ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাঁর সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে স্থিত হয়ে দেবহিত ব্রাহ্মণ ভগবানকে গাথায় বললেন :

‘ভন্তে, দানীয় বস্তু কোথায় দান দেওয়া উচিত? কোথায় দান দিলে মহাফল হয়? কোন কারণে দানযজ্ঞ সম্পাদনকারীর প্রদত্ত দান সুফল লাভ হয়?’

(বুদ্ধ ব্রাহ্মণকে বললেন) ‘যে পূর্বনিবাসজ্ঞানে (জাতিস্মর জ্ঞানে) অভিজ্ঞ, দিব্যদৃষ্টিতে স্বর্গ-নরক দর্শন করে, জন্মক্ষয়প্রাপ্ত (অর্হত্ত্বলাভী) এবং অভিজ্ঞা লাভে সুনিপুণ মুনি। তাঁকেই দানীয় বস্তু দান দেওয়া উচিত। এখানে দান দিলে মহাফল হয়। এরূপে দানযজ্ঞ সম্পাদনকারীর প্রদত্ত দান এমনই সুফল লাভ হয়।’

এরূপ উক্ত হলে দেবহিত ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, অতি সুন্দর… প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তাঁর ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন।’

ব্যাখ্যা [১]