লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

ভিক্ষাজীবী সূত্র

শ্রাবস্তী নিদান। তখন ভিক্ষাজীবী ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট ভিক্ষাজীবী ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, আমিও ভিক্ষাজীবী, আপনিও ভিক্ষাজীবী; এখানে আমাদের দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়?’

(ভগবান ব্রাহ্মণকে বললেন) ‘শুধু অপরের নিকট ভিক্ষা করলেই যেমনি ভিক্ষাজীবী হওয়া যায় না, তেমনি হীন পাপধর্ম সম্পাদন করেও ভিক্ষু হওয়া যায় না।’

‘যে পাপ ও পুণ্য ত্যাগ করে সংযতভাবে ব্রহ্মচর্য পালন করে এই জগতে জ্ঞানসম্পন্ন হয়ে বিচরণ করে, তাকেই বলা হয় প্রকৃত ভিক্ষু।’

এরূপ উক্ত হলে ভিক্ষাজীবী ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, অতি সুন্দর… প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তাঁর ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন।’

ব্যাখ্যা [১]