লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

ভণ্ডন সূত্র

একসময় ভগবান শ্রাবস্তীতে অনাথপিণ্ডিক নির্মিত জেতবন আরামে অবস্থান করছিলেন। সেই সময় বহু ভিক্ষু আহারকৃত্য সমাপন করে উপস্থানশালায় একত্রিত হয়ে ভেদশীল, কলহপরায়ণ ও বিবাদাপন্ন হয়ে একে অপরকে বাক্যবাণে ব্যথিত করে অবস্থান করছিলেন। অনন্তর ভগবান সন্ধ্যাবেলায় ধ্যান হতে উঠে উপস্থানশালায় উপস্থিত হয়ে পূর্বনির্দিষ্ট (প্রজ্ঞাপ্ত) আসনে বসলেন। বসার পর ভগবান সেই ভিক্ষুদের সম্বোধন করে বললেন :

“হে ভিক্ষুগণ, তোমরা একত্রিত হয়ে এতক্ষণ কী বিষয়ে আলাপ করছিলে? তোমাদের অসম্পন্ন আলোচ্য বিষয় কী ছিল?”

“ভন্তে, আমরা আহারকৃত্য শেষে এই উপস্থানশালায় একত্রিত হয়ে ভেদশীল, কলহপরায়ণ ও বিবাদাপন্ন হয়ে একে অপরকে বাক্যবাণে ব্যথিত করে অবস্থান করছিলাম।”

“ভিক্ষুগণ, তোমরা যে ভেদশীল, কলহপরায়ণ ও বিবাদাপন্ন হয়ে একে অপরকে বাক্যবাণে ব্যথিত করছ, তা তোমাদের ন্যায় শ্রদ্ধায় গৃহ হতে অনাগারিক প্রব্রজ্যায় আগত কুলপুত্রদের পক্ষে উচিত নয়। ভিক্ষুগণ, দশ প্রকার গুণধর্ম আছে, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

সেই দশ প্রকার কী কী? যথা : ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু শীলবান হয়; প্রাতিমোক্ষ সংবরণে সংবৃত হয়ে অবস্থান করে; আচার-গোচরসম্পন্ন হয় এবং অণুমাত্র অপরাধে ভয়দর্শী হয়ে শিক্ষাপদসমূহ গ্রহণ করে শিক্ষা করে। ভিক্ষুগণ, এই যে ভিক্ষু শীলবান, প্রাতিমোক্ষ সংবরণে সংবৃত হয়ে অবস্থান করে, আচার-গোচরসম্পন্ন হয় এবং অণুমাত্র অপরাধে ভয়দর্শী হয়ে শিক্ষাপদসমূহ গ্রহণ করে শিক্ষা করে; ইহা হচ্ছে এক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি বহুশ্রুত, শ্রুতধর ও শ্রুতসঞ্চয়ী হয়; যে-সকল ধর্মসমূহ আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সার্থক, সব্যঞ্জক এবং যা পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করে, সেরূপ ধর্মসমূহ তার বহুবার শ্রুত হয় এবং তা বাক্য দ্বারা বুঝতে পারে, মনে ধারণ করে ও দর্শন জ্ঞানে সম্যকরূপে অনুধাবন করতে পারে। ভিক্ষুগণ, এই যে ভিক্ষু বহুশ্রুত, শ্রুতধর ও শ্রুতসঞ্চয়ী হয়; যে-সকল ধর্মসমূহ আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সার্থক, সব্যঞ্জক এবং যা পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করে, সেরূপ ধর্মসমূহ তার বহুবার শ্রুত হয় এবং তা বাক্য দ্বারা বুঝতে পারে, মনে ধারণ করে ও দর্শন জ্ঞানে সম্যকরূপে অনুধাবন করতে পারে, ইহা হচ্ছে আরেক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি কল্যাণমিত্র, কল্যাণসহায়, কল্যাণ সহকর্মী হয়। ভিক্ষুগণ, যে ভিক্ষু কল্যাণমিত্র, কল্যাণসহায়, কল্যাণ সহকর্মী হয়, ইহা হচ্ছে অপর এক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি সুবাধ্য, আজ্ঞানুবর্তী হয়। সে ক্ষমাগুণসম্পন্ন এবং অনুশাসন বা উপদেশ অনুধাবনে দক্ষ হয়। ভিক্ষুগণ, যে ভিক্ষু সুবাধ্য, আজ্ঞানুবর্তী হয়, সে ক্ষমাগুণসম্পন্ন এবং অনুশাসন বা উপদেশ অনুধাবনে দক্ষ হয়, ইহা হচ্ছে আরেক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি সব্রহ্মচারীদের নানাবিধ করণীয় কার্য তা সহজ, কঠিন যাই হোক না কেন তা সম্পাদনে সুদক্ষ ও নিরলস হয় এবং সে-সমস্ত কার্যাদি যথার্থরূপে করতে ও পরিচালনা করতে উপায় কৌশলী হয় ও তা সযত্নে তদারক করে। ভিক্ষুগণ, এই যে ভিক্ষুটি সব্রহ্মচারীদের নানাবিধ করণীয় কার্য তা সহজ, কঠিন যাই হোক না কেন তা সম্পাদনে সুদক্ষ ও নিরলস হয় এবং সে-সমস্ত কার্যাদি যথার্থরূপে করতে ও পরিচালনা করতে উপায় কৌশলী হয় ও তা সযত্নে তদারক করে, ইহা হচ্ছে এক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি ধর্মকামী, প্রিয় বা মনোজ্ঞ বাক্যালাপী হয় এবং শ্রেষ্ঠ ধর্মবিনয়ে অতিশয় তৃপ্ত হয়। ভিক্ষুগণ, এই যে ভিক্ষুটি ধর্মকামী, প্রিয় বা মনোজ্ঞ বাক্যালাপী হয় এবং শ্রেষ্ঠ ধর্মবিনয়ে অতিশয় তৃপ্ত হয়; ইহা হচ্ছে অপর গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি আরব্ধবীর্য হয়, অকুশলধর্ম প্রহানে এবং কুশলধর্ম লাভের জন্য শক্তিমান, দৃঢ় পরাক্রমশালী এবং কুশলধর্মসমূহে লক্ষ্যভ্রষ্ট না হয়ে অবস্থান করে। ভিক্ষুগণ, এই যে ভিক্ষুটি আরব্ধবীর্য হয়, অকুশলধর্ম প্রহানে এবং কুশলধর্ম লাভের জন্য শক্তিমান, দৃঢ় পরাক্রমশালী এবং কুশলধর্মসমূহে লক্ষ্যভ্রষ্ট না হয়ে অবস্থান করে, ইহা হচ্ছে এক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি লব্ধ চীবর, পিণ্ডপাত, শয্যাসন, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যে সন্তুষ্ট থাকে। ভিক্ষুগণ, এই যে ভিক্ষুটি লব্ধ চীবর, পিণ্ডপাত, শয্যাসন, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যে সন্তুষ্ট থাকে, ইহা হচ্ছে আরেক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি স্মৃতিমান হয়, পরম স্মৃতিতে প্রতিমণ্ডিত হয়। সে দীর্ঘকাল পূর্বে কৃত ও ভাষিত বিষয় স্মরণ করতে ও অনুস্মরণ করতে সমর্থ হয়। ভিক্ষুগণ, এই যে ভিক্ষুটি স্মৃতিমান হয়, পরম স্মৃতিতে প্রতিমণ্ডিত হয়। সে দীর্ঘকাল পূর্বে কৃত ও ভাষিত বিষয় স্মরণ করতে ও অনুস্মরণ করতে সমর্থ হয়, ইহা হচ্ছে অপর গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি প্রজ্ঞাবান হয়, সম্যকরূপে দুঃখক্ষয়কর উদয়-অস্তগামী আর্যনির্বেধিক প্রজ্ঞায় (তীক্ষ্ণ প্রজ্ঞায়) সমলংকৃত হয়। ভিক্ষুগণ, এই যে ভিক্ষুটি প্রজ্ঞাবান হয়, সম্যকরূপে দুঃখক্ষয়কর উদয়-অস্তগামী আর্যনির্বেধিক প্রজ্ঞায় (তীক্ষ্ণ প্রজ্ঞায়) সমলংকৃত হয়; ইহাও হচ্ছে এক প্রকার গুণধর্ম, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।

ভিক্ষুগণ, এই দশ প্রকার গুণধর্ম আছে, যা মৈত্রীপূর্ণ, প্রীতিকর, গৌরবকর, যা মিলন, অনৈক্যরহিত, অখণ্ড এবং ঐক্যমুখী।” দশম সূত্র।

আক্রোশ বর্গ সমাপ্ত।

তস্সুদানং/সূত্রসূচি

বিবাদ, বিবাদমূল দ্বে এবং কুশীনারা,
রাজন্তঃপুরে প্রবেশ, শাক্য সূত্র তথা;
মহালি, প্রব্রজিত আর শরীরস্থ ধর্ম,
প্রযুক্ত হয়ে ভণ্ডন সূত্র দশে সমাপ্ত॥

প্রথম পঞ্চাশক সমাপ্ত।

ব্যাখ্যা [০]