লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

শিক্ষাপদ সূত্র

“হে ভিক্ষুগণ, জগতে চার প্রকার পুদ্গল বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : আত্মহিতে তৎপর, কিন্তু পরহিতে তৎপর নয়; পরহিতে তৎপর, কিন্তু আত্মহিতে তৎপর নয়; আত্মহিতেও তৎপর নয়, পরহিতেও তৎপর নয়; আত্মহিতেও তৎপর, পরহিতেও তৎপর।”

কিরূপ পুদ্গল আত্মহিতে তৎপর, কিন্তু পরহিতে তৎপর নয়? এ জগতে কোনো পুদ্গল নিজে প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হয়। কিন্তু অপরজনকে প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হতে উৎসাহিত করে না। এরূপ পুদ্গল আত্মহিতে তৎপর, কিন্তু পরহিতে তৎপর নয়।

কিরূপ পুদ্গল পরহিতে তৎপর, কিন্তু আত্মহিতে তৎপর নয়? এ জগতে কোনো পুদ্গল নিজে প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হয় না। কিন্তু অপরজনকে প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হতে উৎসাহিত করে। এরূপ পুদ্গল পরহিতে তৎপর, কিন্তু আত্মহিতে তৎপর নয়।

কিরূপ পুদ্গল আত্মহিতেও তৎপর নয়, পরহিতেও তৎপর নয়? এ জগতে কোনো পুদ্গল নিজে প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হয় না। অপরজনকেও প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হতে উৎসাহিত করে না। এরূপ পুদ্গল আত্মহিতেও তৎপর নয়, পরহিতেও তৎপর নয়।

কিরূপ পুদ্গল আত্মহিতেও তৎপর, পরহিতেও তৎপর? এ জগতে কোনো পুদ্গল নিজে প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হয়। আর অপরজনকেও প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যাবাক্য ভাষণ, মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত হতে উৎসাহিত করে। এরূপ পুদ্গল আত্মহিতেও তৎপর, পরহিতেও তৎপর। এই চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]