লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

কুল সূত্র

“হে ভিক্ষুগণ, সপ্ত আচরণসম্পন্ন কোনো পরিবারে (পূর্বে) পরিভ্রমিত না হয়ে পরিভ্রমণ করা কিংবা পরিভ্রমিত না হয়ে উপবেশন করা অনুপযুক্ত। সপ্ত কী কী?

আনন্দ চিত্তে যারা আসন হতে উঠে না, প্রফুল্ল মনে যারা অভিবাদন করে না কিংবা আনন্দ মনে আসন প্রদান করে না, তা গোপন করে, অনেক থেকে অল্পই দেয়, প্রণীত (উৎকৃষ্ট) হতে মোটা অন্ন প্রদান করে, অসম্মান করে প্রদান করে, সম্মানের সাথে নহে।

হে ভিক্ষুগণ, এই সপ্ত আচরণসম্পন্ন কোনো পরিবারে (পূর্বে) পরিভ্রমিত না হয়ে পরিভ্রমণ করা কিংবা পরিভ্রমিত না হয়ে উপবেশন করা অনুপযুক্ত।

হে ভিক্ষুগণ, সপ্ত আচরণসম্পন্ন কোনো পরিবারে (পূর্বে) পরিভ্রমিত হয়ে পরিভ্রমণ করা কিংবা পরিভ্রমিত হয়ে উপবেশন করা উপযুক্ত। সপ্ত কী কী?

যারা আনন্দ চিত্তে আসন থেকে উঠে সম্মান করে, প্রফুল্ল মনে অভিবাদন করে কিংবা প্রীতিযুক্ত মনে আসন প্রদান করে, তা গোপন করে না, বহু হতে বহু দেয়, উৎকৃষ্ট হতে উৎকৃষ্টই প্রদান করে, সম্মানপূর্বক প্রদান করে, অসম্মানের সাথে নহে।

হে ভিক্ষুগণ, এই সপ্ত আচরণসম্পন্ন কোনো পরিবারে (পূর্বে) পরিভ্রমিত হয়ে পরিভ্রমণ করা কিংবা পরিভ্রমিত হয়ে উপবেশন করা সমীচীন।”

ব্যাখ্যা [০]