লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৯]

চেতস্খিল-সূত্র

আমি এইরূপ শুনিয়াছি।

১. একসময় ভগবান শ্রাবস্তী-সমীপে অবস্থান করিতেছিলেন, জেতবনে, অনাথপিণ্ডিকের আরামে। ভগবান সমবেত ভিক্ষুদিগকে আহ্বান করিলেন, ‘হে ভিক্ষুগণ’। ‘হাঁ ভদন্ত’ বলিয়া ভিক্ষুগণ প্রত্যুত্তরে সম্মতি জানাইলেন। ভগবান কহিলেন :

২. হে ভিক্ষুগণ, যেকোনো ভিক্ষুর পঞ্চচেতস্খিল প্রহীন হয় নাই, চিত্তের পঞ্চবিনিবন্ধ সমুচ্ছিন্ন হয় নাই, সে যে এই ধর্মবিনয়ে (বুদ্ধশাসনে) বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করিবে, এহেন সম্ভাবনা নাই।

৩. পঞ্চচেতস্খিল কী কী, যাহা (তাহার মধ্যে) প্রহীন হয় নাই? হে ভিক্ষুগণ, ভিক্ষু শাস্তার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না। যে ভিক্ষু শাস্তার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না, তাহার চিত্ত ‘আতাপ্য’ (বীর্যারম্ভ), আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার মধ্যে এই প্রথম চেতস্খিল অপ্রহীন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু ধর্মের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না। যে ভিক্ষু ধর্মের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার মধ্যে এই দ্বিতীয় চেতস্খিল অপ্রহীন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু সংঘের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না, যে ভিক্ষু সংঘের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার মধ্যে এই তৃতীয় চেতস্খিল অপ্রহীন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু শিক্ষার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না। যে ভিক্ষু শিক্ষার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অভিমনা ও সম্প্রসন্ন হয় না, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার মধ্যে এই চতুর্থ চেতস্খিল অপ্রহীন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু সতীর্থগণের প্রতি কুপিত, অপ্রফুল্ল, আহতচিত্ত ও খিলভাবাপন্ন হয়। যে ভিক্ষু সতীর্থগণের প্রতি কুপিত, অপ্রফুল্ল, আহতচিত্ত ও খিলভাবাপন্ন হয়, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না; তাহার মধ্যে এই পঞ্চম চেতস্খিল অপ্রহীন থাকে।

উক্ত পঞ্চচেতস্খিলই অপ্রহীন থাকে।

৪. পঞ্চবিনিবন্ধ কী কী, যাহা (তাহার মধ্যে) অসমুচ্ছিন্ন থাকে? হে ভিক্ষুগণ, ভিক্ষু কামে অবীতরাগ, অবিগতচ্ছন্দ, অবিগত-প্রেম, অবিগত-পিপাস (অবিগত-পিপাসা?), অবিগত-পরিদাহ ও অবীততৃষ্ণ হয়। যে ভিক্ষু কামে অবীতরাগ, অবিগতচ্ছন্দ, অবিগত-প্রেম, অবিগত-পিপাস, অবিগত-পরিদাহ ও অবীততৃষ্ণ হয়, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার পক্ষে ইহাই প্রথম চিত্তবিনিবন্ধ যাহা তাহার মধ্যে অসমুচ্ছিন্ন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু কায়ে (দেহে) অবীতরাগ, অবিগতচ্ছন্দ, অবিগত-প্রেম, অবিগত-পিপাস, অবিগত-পরিদাহ ও অবীততৃষ্ণ হয়। যে ভিক্ষু কায়ে অবীতরাগ, অবিগতচ্ছন্দ, অবিগত-প্রেম, অবিগত-পিপাস, অবিগত-পরিদাহ ও অবীততৃষ্ণ হয়, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার পক্ষে ইহাই দ্বিতীয় চিত্তবিনিবন্ধ যাহা তাহার মধ্যে অসমুচ্ছিন্ন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু রূপে অবীতরাগ, অবিগতচ্ছন্দ, অবিগত-প্রেম, অবিগত-পিপাস, অবিগত-পরিদাহ ও অবীততৃষ্ণ হয়। যে ভিক্ষু রূপে অবীতরাগ, অবিগতচ্ছন্দ, অবিগত-প্রেম, অবিগত-পিপাস, অবিগত-পরিদাহ ও অবীততৃষ্ণ হয়, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার পক্ষে ইহাই তৃতীয় চিত্তবিনিবন্ধ যাহা তাহার মধ্যে অসমুচ্ছিন্ন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু আকণ্ঠভোজন করিয়া শয়নসুখ, স্পর্শসুখ ও তন্দ্রালস্যসুখে নিরত হইয়া অবস্থান করে। যে ভিক্ষু আকণ্ঠভোজন করিয়া শয়নসুখ, স্পর্শসুখ ও তন্দ্রালস্যসুখে নিরত হইয়া অবস্থান করে, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার পক্ষে ইহাই চতুর্থ চিত্তবিনিবন্ধ যাহা তাহার মধ্যে অসমুচ্ছিন্ন থাকে।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু কোনো এক দেবনিকায়কে লক্ষ করিয়া ব্রহ্মচর্য আচরণ করে, উদ্দেশ্য সে এই প্রকার শীল, ব্রত, তপ অথবা ব্রহ্মচর্যের দ্বারা দেবতা হইবে অথবা দেবতেতর হইবে। যে ভিক্ষু কোনো এক দেবনিকায়কে লক্ষ করিয়া ব্রহ্মচর্য আচরণ করে, উদ্দেশ্য সে এই প্রকার শীল, ব্রত, তপ অথবা ব্রহ্মচর্যের দ্বারা দেবতা বা দেবতেতর হইবে, তাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না। যাহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয় না, তাহার পক্ষে ইহাই পঞ্চম চিত্তবিনিবন্ধ যাহা তাহার মধ্যে অসমুচ্ছিন্ন থাকে।

এই পঞ্চ-চিত্তবিনিবন্ধই তাহার মধ্যে অসমুচ্ছিন্ন থাকে। হে ভিক্ষুগণ, উক্ত পঞ্চচেতস্খিল যাহার মধ্যে প্রহীন হয় নাই, এই পঞ্চ-চিত্তবিনিবন্ধ সমুচ্ছিন্ন হয় নাই, সে যে এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করিবে, এহেন সম্ভাবনা নাই।

৫. হে ভিক্ষুগণ, যে ভিক্ষুর পঞ্চচেতস্খিল প্রহীন এবং পঞ্চ-চিত্তবিনিবন্ধ সুসমুচ্ছিন্ন হইয়াছে, তিনি যে এই ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করিবেন, এহেন সম্ভাবনা আছে।

৬. পঞ্চচেতস্খিল কী কী, যাহা (তাঁহার মধ্যে) প্রহীন হয়? হে ভিক্ষুগণ, ভিক্ষু শাস্তার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না; তিনি শাস্তার প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন। যে ভিক্ষু শাস্তার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না এবং যিনি শাস্তার প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই প্রথম চেতস্খিল যাহা তাঁহার মধ্যে প্রহীন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু ধর্মের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না; তিনি ধর্মের প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন। যে ভিক্ষু ধর্মের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না এবং যিনি ধর্মের প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই দ্বিতীয় চেতস্খিল যাহা তাঁহার মধ্যে প্রহীন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু সংঘের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না; তিনি সংঘের প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন। যে ভিক্ষু সংঘের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না এবং যিনি সংঘের প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই তৃতীয় চেতস্খিল যাহা তাঁহার মধ্যে প্রহীন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু শিক্ষার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না; তিনি শিক্ষার প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন। যে ভিক্ষু শিক্ষার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করেন না এবং যিনি শিক্ষার প্রতি অভিমনা ও সম্প্রসন্ন হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই চতুর্থ চেতস্খিল যাহা তাঁহার মধ্যে প্রহীন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু সতীর্থগণের প্রতি কুপিত, অপ্রফুল্ল, আহতচিত্ত ও খিলভাবাপন্ন হন না। যে ভিক্ষু সতীর্থগণের প্রতি কুপিত, অপ্রফুল্ল, আহতচিত্ত ও খিলভাবাপন্ন হন না, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই পঞ্চম চেতস্খিল যাহা তাঁহার মধ্যে প্রহীন হয়।

এই পঞ্চচেতস্খিলই তাঁহার মধ্যে প্রহীন হয়।

৭. পঞ্চবিনিবন্ধ কী কী, যাহা (তাঁহার মধ্যে) সুসমুচ্ছিন্ন হয়? হে ভিক্ষুগণ, ভিক্ষু কামে বীতরাগ, বিগতচ্ছন্দ, বিগত-প্রেম, বিগত-পিপাস, বিগত-পরিদাহ ও বীততৃষ্ণ হন। যে ভিক্ষু কামে বীতরাগ, বিগতচ্ছন্দ, বিগত-প্রেম, বিগত-পিপাস, বিগত-পরিদাহ ও বীততৃষ্ণ হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই প্রথম চিত্তবিনিবন্ধ যাহা তাঁহার মধ্যে সুসমুচ্ছিন্ন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু কায়ে (দেহে) বীতরাগ, বিগতচ্ছন্দ, বিগত-প্রেম, বিগত-পিপাস, বিগত-পরিদাহ ও বীততৃষ্ণ হন। যে ভিক্ষু কায়ে বীতরাগ, বিগতচ্ছন্দ, বিগত-প্রেম, বিগত-পিপাস, বিগত-পরিদাহ ও বীততৃষ্ণ হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই দ্বিতীয় চিত্তবিনিবন্ধ যাহা তাঁহার মধ্যে সুসমুচ্ছিন্ন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু রূপে বীতরাগ, বিগতচ্ছন্দ, বিগত-প্রেম, বিগত-পিপাস, বিগত-পরিদাহ ও বীততৃষ্ণ হন। যে ভিক্ষু রূপে বীতরাগ, বিগতচ্ছন্দ, বিগত-প্রেম, বিগত-পিপাস, বিগত-পরিদাহ ও বীততৃষ্ণ হন, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই তৃতীয় চিত্তবিনিবন্ধ যাহা তাঁহার মধ্যে সুসমুচ্ছিন্ন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু আকণ্ঠভোজন করিয়া শয়নসুখ, স্পর্শসুখ ও তন্দ্রালস্যসুখে নিরত হইয়া অবস্থান করেন না। যে ভিক্ষু আকণ্ঠভোজন করিয়া শয়নসুখ, স্পর্শসুখ ও তন্দ্রালস্যসুখে নিরত হইয়া অবস্থান করেন না, তাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই চতুর্থ চিত্তবিনিবন্ধ যাহা তাঁহার মধ্যে সুসমুচ্ছিন্ন হয়।

পুনশ্চ, হে ভিক্ষুগণ, ভিক্ষু কোনো এক দেবনিকায়কে লক্ষ করিয়া এই প্রকার শীল, ব্রত, তপ অথবা ব্রহ্মচর্যের দ্বারা দেবতা হইবেন অথবা দেবতেতর হইবেন উদ্দেশ্যে ব্রহ্মচর্য আচরণ করেন না। যে ভিক্ষু কোনো এক দেবনিকায়কে লক্ষ করিয়া এই প্রকার শীল, ব্রত, তপ অথবা ব্রহ্মচর্যের দ্বারা দেবতা হইবেন অথবা দেবতেতর হইবেন উদ্দেশ্যে ব্রহ্মচর্য আচরণ করেন না, তাঁহার চিত্ত আতাপ্য আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়। যাঁহার চিত্ত আতাপ্য, আত্মনিয়োগ, সাতত্য ও একাগ্রসাধনার প্রতি নমিত হয়, তাঁহার পক্ষে ইহাই পঞ্চম চিত্তবিনিবন্ধ যাহা তাঁহার মধ্যে সুসমুচ্ছিন্ন হয়। এই পঞ্চ-চিত্তবিনিবন্ধই তাঁহার মধ্যে সুসমুচ্ছিন্ন হয়।

হে ভিক্ষুগণ, যাঁহার মধ্যে উক্ত পঞ্চচেতস্খিল প্রহীন এবং পঞ্চ-চিত্তবিনিবন্ধ সুসমুচ্ছিন্ন হইয়াছে, তিনি যে এই ধর্মবিনয়ে ঋদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করিবেন, এহেন সম্ভাবনা আছে।

৮. তিনি ছন্দসমাধি-সম্পন্ন একাগ্রসাধনা-সংস্কার-সমন্বিত ঋদ্ধিপাদ বর্ধিত করেন, বীর্যসমাধি-সম্পন্ন, চিত্তসমাধি-সম্পন্ন, মীমাংসাসমাধি-সম্পন্ন, একাগ্রসাধনা-সংস্কার-সমন্বিত ঋদ্ধিপাদ বর্ধিত করেন, পঞ্চমে উৎসোঢ়া বীর্যাভ্যাস করেন। এইরূপে, হে ভিক্ষুগণ, উৎসোঢ়া বীর্যসহ পঞ্চদশ গুণে সমন্বিত ভিক্ষু অভিনির্বেদ, সম্বোধি ও অনুত্তর যোগক্ষেম নির্বাণ লাভের অধিকারী হন। যদি কোনো কুক্কুটি আট, দশ কিংবা বারোটি ডিম্ব প্রসব করিয়া ডিম্বগুলির উপর পক্ষ বিস্তার-পূর্বক লীনভাবে উপবিষ্ট থাকিয়া উষ্ণতা দান করে এবং সর্বতোভাবে পরিপক্ব করিবার ভাবে তাপ দিতে থাকে, তাহা হইলে ওই কুক্কুটির কি এইরূপ ইচ্ছা উৎপন্ন হয় না : ‘আহা! যেন আমার শাবকগুলি পাদ-নখ-শিখা অথবা মুখতুণ্ড দ্বারা ডিম্বকোষ বিদীর্ণ করিয়া নিরাপদে বহির্গত হউক।’ ইহাতেই তো কুক্কুটশাবকগুলি পাদ-নখ-শিখা অথবা মুখতুণ্ড দ্বারা ডিম্বকোষ বিদীর্ণ করিয়া নিরাপদে বহির্গত হইতে সক্ষম হয়। তেমনভাবেই, হে ভিক্ষুগণ, উৎসোঢ়া বীর্যসহ পঞ্চদশ গুণে সমন্বিত ভিক্ষু অভিনির্বেদ, সম্বোধি ও অনুত্তর যোগক্ষেম নির্বাণ লাভের অধিকারী হন।

ভগবান ইহা বিবৃত করিলেন। ভিক্ষুগণ প্রসন্নমনে তাহা শ্রবণ করিয়া আনন্দ প্রকাশ করিলেন।

চেতস্খিল-সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [৪]