লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

রুদ্রক সূত্র

“হে ভিক্ষুগণ, রামপুত্র রুদ্রক এরূপ বাক্য ভাষণ করে, ‘আমিই বেদজ্ঞ, সর্বজয়ী, আমি অখনিত গণ্ডমূল খনন করেছি।’ হে ভিক্ষুগণ, রামপুত্র রুদ্রক বেদজ্ঞ না হয়েও বলে, ‘আমি বেদজ্ঞ’, সর্বজয়ী না হয়েও বলে, ‘আমি সর্বজয়ী’, অখনিত গণ্ডমূল হওয়া সত্ত্বেও বলে, ‘আমার গণ্ডমূল খনিত।”

“হে ভিক্ষুগণ, এখানে (এই বুদ্ধশাসনে) একজন ভিক্ষু (যার তৃষ্ণামূল খনিত) এরূপ ভাষণকালে যথার্থই বলে, ‘আমি বেদজ্ঞ, সর্বজয়ী, আমি অখনিত গণ্ডমূল খনন করেছি।’”

“হে ভিক্ষুগণ, কিভাবে বেদজ্ঞ হয়? হে ভিক্ষুগণ, ভিক্ষু যে ছয় স্পর্শায়তনের সমুদয় (উৎপত্তি), অস্তগমন (বিলয়), আস্বাদ, আদীনব (দোষ/উপদ্রব) ও নিঃসরণকে (মুক্তিকে) যথাযথভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা জানে; ভিক্ষুগণ, এভাবে ভিক্ষু বেদজ্ঞ হয়।”

“হে ভিক্ষুগণ, কিভাবে ভিক্ষু সর্বজয়ী হন? হে ভিক্ষুগণ, ভিক্ষু যে ছয় স্পর্শায়তনের উৎপত্তি, বিলয়, আস্বাদ, দোষ ও মুক্তি যথাযথভাবে জেনে (বিদিত হয়ে) অনুৎপাদ বিমুক্ত হন; হে ভিক্ষুগণ, এভাবে ভিক্ষু সর্বজয়ী হন।”

“হে ভিক্ষুগণ, কিভাবে ভিক্ষুর অখনিত গণ্ডমূল (তৃষ্ণামূল) খনিত হয়? ভিক্ষুগণ, এস্থলে গণ্ড চতুর্মহাভৌতিক মাতৃপিতৃসম্ভূত (মাতাপিতা হতে উৎপন্ন), অন্নব্যঞ্জন বর্ধিত, অনিত্য-উৎসাদন (বিনাশন), পরিমর্দন, ভেদন-বিধ্বংসন স্বভাববিশিষ্ট দেহের অধিবচন (নামান্তর); গণ্ডমূল তৃষ্ণার অধিবচন। হে ভিক্ষুগণ, ভিক্ষুর তৃষ্ণা প্রহীন (পরিত্যক্ত), মূলোচ্ছিন্ন, ছিন্নশীর্ষ সমূল উৎপাটিত তালবৃক্ষ সদৃশ, অনস্তিত্বভাব প্রাপ্ত ও অনাগতে পুনরুৎপত্তি রহিত হয়। এভাবেই হে ভিক্ষুগণ, ভিক্ষুর অখনিত গণ্ডমূল (তৃষ্ণামূল) খনিত হয়।”

“হে ভিক্ষুগণ, রামপুত্র রুদ্রক এরূপ বাক্য ভাষণ করে, ‘আমিই বেদজ্ঞ, সর্বজয়ী, আমি অখনিত গণ্ডমূল খনন করেছি।’ হে ভিক্ষুগণ, রামপুত্র রুদ্রক বেদজ্ঞ না হয়েও বলে, ‘আমিই বেদজ্ঞ’, সর্বজয়ী না হয়েও বলে, ‘আমিই সর্বজয়ী’, অখনিত গণ্ডমূল হওয়া সত্ত্বেও বলে, আমার গণ্ডমূল খনিত।’

“হে ভিক্ষুগণ, এখানে (এই বুদ্ধশাসনে) একজন ভিক্ষু (যার তৃষ্ণামূল খনিত) এরূপ ভাষণকালে যথার্থই বলে, আমি বেদজ্ঞ, সর্বজয়ী, আমি অখনিত গণ্ডমূল খনন করেছি।”

দশম সূত্র সমাপ্ত।

ষড়বর্গ দশম সমাপ্ত।

স্মারক গাথা :

দুই সঙ্গয্হ, পরিহানি, প্রমাদবিহারী আর সংবর;
সমাধি, নিঃসঙ্গতা, দ্বিবিধ যা ‘তোমাদের নয়’,
সর্বশেষে রুদ্রক উক্ত হয়।
£দ্বিতীয় পঞ্চাশক সমাপ্ত।

স্মারক গাথা :

অবিদ্যা, মিগজাল, গিলান, ছন্ন হলো চতুর্থ;
ষড়বর্গ দ্বারা যে পঞ্চাশ কথিত, তা দ্বিতীয় পঞ্চাশকে উক্ত।
£প্রথম শতক সমাপ্ত।

ব্যাখ্যা [১]