একসময় আয়ুষ্মান অনুরুদ্ধ শ্রাবস্তীতে শাল্লাগারে অবস্থান করছিলেন। তথায় আয়ুষ্মান অনুরুদ্ধ “হে আবুসো ভিক্ষুগণ,” বলে ভিক্ষুদের আহ্বান করলেন। “হ্যাঁ আবুসো,” বলে সেই ভিক্ষুগণ আয়ুষ্মান অনুরুদ্ধকে প্রত্যুত্তর দিলেন। তখন আয়ুষ্মান অনুরুদ্ধ এরূপ বলতে লাগলেন :
“আবুসোগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে প্রবাহিত, পূর্বদিকে নিম্নাভিমুখী ও পূর্বদিকেই ক্রমাবনত। অতঃপর বহুসংখ্যক লোক শাবল, কোদাল নিয়ে এই ভেবে আগমন করতে পারে-‘আমরা এই গঙ্গানদীকে পশ্চিম দিকে প্রবাহমান করব, পশ্চিমাভিমুখী করব ও পশ্চিম দিকে ক্রমাবনত করব।’ আবুসোগণ, তোমরা তা কী মনে কর, সেই বহুসংখ্যক লোক কি গঙ্গানদীকে পশ্চিম দিকে প্রবাহমান, পশ্চিমাভিমুখী ও পশ্চিম দিকে ক্রমাবনত করতে পারবে?”
“আবুসো, তা অসম্ভব।”
“তা কী কারণে? আবুসোগণ, গঙ্গানদী পূর্বদিকে প্রবাহিত, পূর্বাভিমুখী ও পূর্ব দিকেই ক্রমাবনত। সেই গঙ্গানদীকে পশ্চিম দিকে প্রবাহমান, পশ্চিমাভিমুখী ও পশ্চিম দিকে ক্রমাবনত করা সহজতর নয়। শুধুমাত্র সেই বহুসংখ্যক জনতা পরিশ্রান্ত ও কষ্টের ভাগী হবে।”
“আবুসোগণ, এরূপেই চারি স্মৃতিপ্রস্থানেভাবিত ও বহুলীকৃত ভিক্ষুকে রাজা রাজমন্ত্রী, মিত্র, অমাত্য, জ্ঞাতি ও সগোত্র ভোগসম্পত্তি দ্বারা প্রলোভন দেখিয়ে আহ্বান করতে পারে-‘হে প্রভু, আসুন! সেই গৌরিক বস্ত্র কেন ত্যাগ করছেন না? কেন মুণ্ডিত মস্তকে ভিক্ষাচরণ করছেন? গৃহীজীবনে ফিরে আসুন, ভোগসম্পত্তি ভোগ করে পুণ্যকর্ম সম্পাদন করুন।’
আবুসোগণ, সেই চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত ভিক্ষু (ধর্ম-বিনয়) শিক্ষা প্রত্যাখান করে গৃহীজীবনে ফিরে যাবে; তা অসম্ভব। তার কারণ কী? আবুসো, যেই ভিক্ষুর চিত্ত দীর্ঘরাত্রি বিবেকে (নির্জনতায়) প্রবাহমান, বিবেকে নিম্নাভিমুখী ও বিবেকেই ক্রমাবনত, সেই ভিক্ষু গৃহীজীবনে ফিরে যাবে; তা অসম্ভব।
আবুসোগণ, কীরূপে ভিক্ষু চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে? এক্ষেত্রে ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। একইভাবে ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী এবং ধর্মেও ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। আবুসোগণ, এরূপেই ভিক্ষু চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে।” অষ্টম সূত্র।
ব্যাখ্যা [১]
English