লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

আনন্দ স্থবির সূত্র

একসময় আয়ুষ্মান আনন্দ ও আয়ুষ্মান সারিপুত্র শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত বিহারে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যা-সময়ে নির্জনতাজনিত ধ্যান হতে উঠে আয়ুষ্মান আনন্দের নিকট উপস্থিত হয়ে আয়ুষ্মান অনন্দের সাথে সম্বোধন করলেন। সম্বোধনীয় কথা ও কুশল-বিনিময় করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান আনন্দকে এরূপ বললেন :

“হে আবুসো আনন্দ, কয়টি ধর্ম প্রহানে এবং কয়টি ধর্মে গুণান্বিত হওয়ার কারণে এরূপে আমরা ও প্রজাগণ (স্বত্ত্বগণ) ভগবান কর্তৃক স্রোতাপন্ন, অবিনিপাতধর্মী ও নিয়ত সম্বোধিপরায়ণ বলে ব্যাখ্যাত হয়েছি?”

“আবুসো, চতুর্বিধ ধর্ম প্রহানের দ্বারা এবং চতুর্বিধ ধর্মে গুণান্বিত হওয়ার কারণে এরূপে আমরা ও প্রজাগণ (স্বত্ত্বগণ) ভগবান কর্তৃক স্রোতাপন্ন, অবিনিপাতধর্মী ও নিয়ত সম্বোধিপরায়ণ বলে ব্যাখ্যাত হয়েছি।

সেই চারি প্রকার কী কী? আবুসো, অশ্রুতবান পৃথগ্‌জন (সাধারণ লোক) বুদ্ধের প্রতি যেরূপ অশ্রদ্ধায় সমৃদ্ধ হয়ে কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়, সেরূপ বুদ্ধের প্রতি অশ্রদ্ধা তার নিকট উৎপন্ন হয় না। শ্রুতবান আর্যশ্রাবক বুদ্ধের প্রতি যেরূপ অবিচলিত শ্রদ্ধাগুণে গুণান্বিত হয়ে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়, বুদ্ধের প্রতি সেরূপ অবিচলিত শ্রদ্ধা তার মধ্যে থাকে। যথা : ‘ইনি সেই ভগবান অর্হৎ, সম্যকসস্বুদ্ধ, বিদ্যা ও সুআচরণসম্পন্ন, সুগত, লোকবিদ (লোকজ্ঞ), অনুত্তর পুরুষ দমনকারী সারথি এবং দেব-মানবের শাস্তা, বুদ্ধ, ভগবান।’

আবুসো,অশ্রুতবান পৃথগ্‌জন ধর্মের প্রতি যেরূপ অশ্রদ্ধায় সমৃদ্ধ হয়ে কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়, সেরূপ ধর্মের প্রতি অশ্রদ্ধা তার নিকট উৎপন্ন হয় না। শ্রুতবান আর্যশ্রাবক ধর্মের প্রতি যেরূপ অবিচলিত শ্রদ্ধাগুণে গুণান্বিত হয়ে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়, ধর্মের প্রতি সেরূপ অবিচলিত শ্রদ্ধা তার মধ্যে থাকে। যথা : ‘ভগবানের ধর্ম সুন্দররূপে ব্যাখ্যাত, স্বয়ং দর্শনযোগ্য, কালাকাল বিরহিত, এসে দেখার যোগ্য, নির্বাণপ্রাপক এবং বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য।’

আবুসো,অশ্রুতবান পৃথগ্‌জন সংঘের প্রতি যেরূপ অশ্রদ্ধায় সমৃদ্ধ হয়ে কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়, সেরূপ সংঘের প্রতি অশ্রদ্ধা তার নিকট উৎপন্ন হয় না। শ্রুতবান আর্যশ্রাবক সংঘের প্রতি যেরূপ অবিচলিত শ্রদ্ধাগুণে গুণান্বিত হয়ে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়, ধর্মের প্রতি সেরূপ অবিচলিত শ্রদ্ধা তার মধ্যে থাকে। যথা : ‘ভগবানের শ্রাবকসংঘ সুপথে প্রতিপন্ন, ঋজুপথে প্রতিপন্ন, ন্যায়-পথে প্রতিপন্ন, সমীচীন-পথে প্রতিপন্ন, ভগবানের শ্রাবকসংঘ যুগ্ম হিসেবে চারি যুগ্ম এবং পুদ্গল হিসেবে অষ্ট আর্যপুদ্গলই চারি প্রত্যয় দান-আহুতি লাভের যোগ্য, আতিথেয়তা লাভের যোগ্য, দক্ষিণেয়্য (দক্ষিণার যোগ্য), অঞ্জলি (বন্দনা) করণীয় এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র।’

আবুসো,অশ্রুতবান পৃথগ্‌জন যেরূপ দুঃশীলে সমৃদ্ধ হয়ে কায়ভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়, সেরূপ দুঃশীল হয় না। শ্রুতবান আর্যশ্রাবক যেরূপ আর্যকান্তি (আর্যগণের মনোনীত) শীলে গুণান্বিত (সমৃদ্ধ) হয়ে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়, সেরূপ আর্যকান্তি,অখণ্ড, নিশ্চিদ্র, নিখুঁত, নিষ্কলঙ্ক, বিমুক্তিতে উপনীতকারী, বিজ্ঞজন কর্তৃক প্রশংসিত (অদূষিত) এবং সমাধি লাভের সহায়ক শীলে সমন্নাগত হয়। আবুসো, এই চতুর্বিধ ধর্ম প্রহানের দ্বারা এবং চর্তুবিধ ধর্মে গুণান্বিত হওয়ার কারণে এরূপে আমরা ও প্রজাগণ (স্বত্ত্বগণ) ভগবান কর্তৃক স্রোতাপন্ন, অবিনিপাতধর্মী ও নিয়ত সম্বোধিপরায়ণ বলে ব্যাখ্যাত হয়েছি।” তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [০]